জ্বালানি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে আগামী ৩০ অক্টোবর রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম।
এ সময় নাহিদ ইসলাম বলেন, গত সাত মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রী চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। অন্যদিকে যুদ্ধের অজুহাতে তিন দফায় জ্বালানির দাম বাড়ানো হয়েছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানি খাতে বাংলাদেশের করণীয় কী হবে, সে বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই বলে অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, সার্বিক ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত। তাঁদের সরিয়ে মন্ত্রিপরিষদ পুনর্গঠন এবং সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনারও দাবি জানান তিনি।
এনসিপির দ্বিতীয় দাবির বিষয়ে তিনি বলেন, জনগণের সঙ্গে প্রহসনের জন্য গঠিত একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে বিলুপ্ত করতে হবে। গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। পাশাপাশি জুলাই সনদ ও গণভোটের রায়ের আলোকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, সাইবার আইনে প্রস্তাবিত সংশোধনী কোনোভাবেই সংসদে পাস হতে দেওয়া হবে না। গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন আইনের মতো কর্তৃত্ববাদী আইনগুলো বাতিল করতে হবে। এ ছাড়া জুলাই গণহত্যা ও গুম-খুনের বিচার কার্যক্রমের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। জুলাইয়ের শহীদ ও আহত যোদ্ধাদের ওপর হামলার ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
চার দফা দাবিতে আগামী ৩০ অক্টোবর বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণবিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানান নাহিদ ইসলাম। তিনি জনগণকে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।
ঢাকা মহানগরে কর্মসূচি পালনের পর দাবি আদায়ে সারা দেশেও গণবিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে জানান এনসিপির আহ্বায়ক।
যে আই
