বিজ্ঞপ্তিতে বিএসইসি স্পষ্ট করে জানায়, চেয়ারম্যানের নামে প্রচারিত এসব বক্তব্য সঠিক নয় এবং তিনি এ ধরনের কোনো বক্তব্য দেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো বক্তব্য, ফটোকার্ড বা তথ্যের সত্যতা যাচাই না করে তা বিশ্বাস বা শেয়ার করা থেকে বিরত থাকার জন্য জনসাধারণ ও বিনিয়োগকারীদের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্যসংবলিত ফটোকার্ড প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। এ ধরনের বক্তব্যের সত্যতা যাচাই না করে বিশ্বাস বা শেয়ার না করতে বিনিয়োগকারী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে কমিশন।
সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় বিএসইসি। এতে বলা হয়, পুঁজিবাজারের দরপতন-সংক্রান্ত বক্তব্যসংবলিত একটি ফটোকার্ডসহ বিভিন্ন অসত্য ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হওয়ার বিষয়টি কমিশনের নজরে এসেছে।
বিজ্ঞপ্তিতে বিএসইসি স্পষ্ট করে জানায়, চেয়ারম্যানের নামে প্রচারিত এসব বক্তব্য সঠিক নয় এবং তিনি এ ধরনের কোনো বক্তব্য দেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো বক্তব্য, ফটোকার্ড বা তথ্যের সত্যতা যাচাই না করে তা বিশ্বাস বা শেয়ার করা থেকে বিরত থাকার জন্য জনসাধারণ ও বিনিয়োগকারীদের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
কমিশনের ভাষ্যানুযায়ী, পুঁজিবাজারের স্বাভাবিক কার্যক্রম, বিনিয়োগকারীদের স্বার্থ এবং বাজারের প্রতি জনগণের আস্থা বজায় রাখতে গুজব, অসত্য, বিভ্রান্তিকর বা ভিত্তিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকা জরুরি। এ ধরনের তথ্য পুঁজিবাজার সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি করতে পারে এবং বিনিয়োগকারীদের সিদ্ধান্ত গ্রহণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিএসইসি চেয়ারম্যানসহ কমিশনের কর্মকর্তা বা সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে কোনো বক্তব্য, ফটোকার্ড বা তথ্য প্রচারের আগে এর সত্যতা ও নির্ভরযোগ্যতা যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
পুঁজিবাজারের উন্নয়ন, স্বচ্ছতা ও স্থিতিশীলতা বজায় রাখা এবং বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ লক্ষ্য অর্জনে বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল আচরণ ও সহযোগিতা কামনা করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।
