Published on
:
1 min read
সামনেই পুরভোট। তার প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। এই আবহেই পঞ্চায়েত ও জেলা পরিষদে জেতার বার্তা দিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। মঙ্গলবার ফুলেশ্বরের মনসাতলায় বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সদর কার্যালয়ে ভূমিপূজোর অনুষ্ঠানে এই বার্তা দেন তিনি।
রাজ্যে গত পঞ্চায়েত ভোটে প্রবল অত্যাচার ও সন্ত্রাসের অভিযোগ করেছিলেন বিরোধীরা। সেই সময়ে রাজ্যে ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস, বিরোধী আসনে ছিল বিজেপি। এ দিন গত পঞ্চায়েত ভোটের ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আগামী দিনে হাওড়া জেলা পরিষদ দখল করতে হবে। পঞ্চায়েতগুলো জিততে হবে।’
তাঁর আরও সংযোজন, ‘আমাদের মহিলা কর্মীদের রাত একটা পর্যন্ত বসিয়ে রেখে তাঁদের সার্টিফিকেট কেড়ে পরাজিত ঘোষণা করেছিল। তাঁদের চিনে নিন।’ তিনি যে প্রতিহিংসা বা আক্রমণের কথা বলছেন না সেটা স্পষ্ট করে দিয়েও শমীক বলেন, ‘তাদের খুঁজে বের করুন। চিহ্নিত করুন। সরকারের কাজ সরকার করবে। কিন্তু যাঁরা আমাদের ব্যবস্থা করেছেন। তাঁদের ভালোবেসে আদর করে নেওয়ার দায়িত্ব আমাদের দলের।’
বিজেপির জয়ের পরে পশ্চিমবঙ্গে শান্তি ফিরেছে বলে দাবি করে শমীক জানান, সংখ্যালঘুরা বুঝতে পেরেছেন ২০ বছর কেন্দ্রে বা রাজ্যে সরকার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। সেই জন্য তাঁরাও এগিয়ে এসেছেন। দুর্গাপুজোর প্রসঙ্গ তুলে রাজ্য বিজেপি সভাপতির দাবি, এখন রাজ্যে দুর্গাপুজোর সংখ্যা বেড়েছে।
এ দিনের অনুষ্ঠানে হাওড়া গ্রামীণ জেলার দুই বিধায়ককে দেখা যায়নি। সেই প্রসঙ্গ তুলে শমীকের উক্তি, ‘বিশেষ দিনে ২জন বিধায়ককে দেখতে পেলাম না। পার্টি থাকলে বিধায়ক থাকবে। পার্টি থাকলে সাংসদ থাকবে। স্ট্যান্ডিং কমিটির মিটিং থাকবে। পার্টি প্রথম কথা, পার্টি শেষ।’