ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডকে আটকে দিল লিডস
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
লিডস ইউনাইটেডের মাঠে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে স্বাগতিকদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রেড ডেভিলসরা।
রোববার অ্যালান্ড রোডে ম্যাচের প্রথমার্ধে ব্রায়ান এমবেউমোর গোলে এগিয়ে যায় সফরকারীরা। তবে দ্বিতীয়ার্ধে ডমিনিক কালভার্ট-লুইনের গোলে সমতায় ফেরে লিডস। শেষপর্যন্ত আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরির চেষ্টা করে। তবে প্রথমার্ধে গোলের দেখা পায় ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৫ মিনিটে ইউরি টাইলেমানসের বাড়ানো বল থেকে গোল করে দলকে এগিয়ে নেন এমবেউমো। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যানচেস্টার।
বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে স্বাগতিক লিডস। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ডমিনিক। তার গোলে ম্যাচে সমতা ফেরে, স্কোরলাইন দাঁড়ায় ১-১।
সমতা ফেরার পর আক্রমণে আরও সক্রিয় হয়ে ওঠে লিডস। অন্যদিকে, এগিয়ে যাওয়ার সুযোগ খুঁজতে থাকে ম্যানচেস্টার ইউনাইটেডও। দুই দলই গোলের ব্যবধান বাড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর জালের দেখা পায়নি কেউ।
ফলে ১-১ গোলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে। এই ড্রয়ে লিডসের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট পাওয়া থেকে বঞ্চিত হল ম্যানচেস্টার ইউনাইটেড।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
