সৌদি আরবের রাজধানী রিয়াদ অঞ্চলের আকাশে একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোরে সৌদি নেতৃত্বাধীন জোট এ তথ্য জানিয়েছে।
জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই তথ্য জানান। তবে ড্রোনটি কোথা থেকে এসেছে এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
এর আগে শনিবার জোটটি জানায়, ইয়েমেনের হাউছি গোষ্ঠী সৌদি আরবের তায়েফ ও ইয়ানবু শহরের দিকে যে দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, তা তারা প্রতিহত ও ধ্বংস করেছে।
অন্যদিকে হাউছিরা দাবি করেছে, তারা সৌদি আরবের বিমানবন্দর, তেল স্থাপনা এবং একটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এই লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও অন্তর্ভুক্ত ছিল।
গোষ্ঠীটি জানিয়েছে, ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলার প্রতিশোধ হিসেবেই তারা এই আক্রমণগুলো চালিয়েছে।
সৌদি আরবের বিমান চলাচল ও জ্বালানি অবকাঠামোর ওপর হামলা এবং ইয়েমেনে হাউছিদের অবস্থানে জোটের পাল্টা হামলার ঘটনায় উত্তেজনা আরো বৃদ্ধি পেয়েছে।
২০১৫ সাল থেকে সৌদি আরব একটি সামরিক জোটের নেতৃত্ব দিচ্ছে, যারা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে হাউছিদের বিরুদ্ধে সমর্থন দিয়ে আসছে। হাউছি গোষ্ঠী ২০১৪ সাল থেকে রাজধানী সানা এবং দেশটির অন্যান্য অঞ্চল নিয়ন্ত্রণ করছে।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি
