Published on
:
1 min read
এই সময়: আমেরিকার গ্রিন কার্ডের জন্য আবেদন সংক্রান্ত একটি কর্মসূচি থেকে টাটা কনসালট্যান্সি সার্ভিসেস (টিসিএস)-সহ আটটি প্রযুক্তি সংস্থাকে সাময়িক ভাবে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়ে বিশেষ উদ্বেগের কারণ দেখছে না দেশের বৃহত্তম তথ্যপ্রযুক্তি পরিষেবা সংস্থাটি।
টিসিএস-এর এমডি ও সিইও কে কৃতিবাসনের মতে, মার্কিন প্রশাসনের এই পদক্ষেপের পিছনে সংস্থাগুলি কোন দেশের, তা বিবেচনা করার চেয়ে স্থানীয় কর্মসংস্থান নিয়ে রাজনৈতিক ও সামাজিক সংবেদনশীলতাই বেশি কাজ করছে।
তাঁর দাবি, আমেরিকার প্রযুক্তি ব্যবস্থার সঙ্গে ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি এতটাই গভীর ভাবে যুক্ত যে, শুধু তাদের দেশের পরিচয়ের ভিত্তিতে নিশানা করা হবে বলে তিনি মনে করেন না। বরং স্থানীয় মানুষের জন্য কাজের সুযোগ তৈরি হচ্ছে কি না, সেই বিষয়টিই প্রশাসনের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে।
সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে কৃতিবাসন বলেন, 'আমেরিকার প্রযুক্তি পরিকাঠামোর অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি। তারা সেখানে গুরুত্বপূর্ণ পরিষেবা দেয়। ফলে সংস্থাগুলিকে তাদের উৎস বা সদর দপ্তর কোন দেশে, সেই দৃষ্টিভঙ্গিতে বিচার করা হবে বলে আমি মনে করি না।'
স্থানীয় কর্মসংস্থান নিয়ে উদ্বেগ থেকেই গত সপ্তাহে আটটি প্রযুক্তি সংস্থার বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ করা হয়ে থাকতে পারে। তবে এই সিদ্ধান্তের ফলে টিসিএস-এর ব্যবসায় উল্লেখযোগ্য কোনও প্রভাব পড়বে না বলেই তিনি জানিয়েছেন।
