গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক মোসলেম উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার তাকে আদালতে হাজির করা হলে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
আদালত পরিদর্শক আহসান উল্ল্যাহ চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, টঙ্গীর মধ্য আউচপাড়া এলাকার ক্বরীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার উপাধ্যক্ষ মোসলেম উদ্দিনের বিরুদ্ধে এক শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। এতে শিশুটি আতঙ্কিত হয়ে মাদ্রাসায় যাওয়া বন্ধ দেয়। পরে পরিবারের সদস্যরা জানতে চাইলে শিশুটি তাদের বিষয়টি জানায়।
ঘটনাটি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে ক্ষোভের সৃষ্টি হয়। গত ২১ অক্টোবর উত্তেজিত জনতা মাদ্রাসা প্রাঙ্গণে জড়ো হয়ে অভিযুক্তকে ঘেরাও করে মারধর করেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
এ ঘটনায় মামলা হলে মোসলেমকে গ্রেপ্তার দেখায় পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা জিয়াউর রহমান ডেইলি স্টারকে বলেন, ‘এ ঘটনায় গত ২২ অক্টোবর টঙ্গী পশ্চিম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।’