প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরে ৫ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন বাজার বিশ্লেষকরা। গত বছরের প্রথম নয় মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) তুলনায় চলতি বছরের একই সময় সামগ্রিক শিল্প উৎপাদনে ৫ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
চীনের শিল্প উৎপাদনের গতি বাজার বিশ্লেষকদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। গত সোমবার প্রকাশিত সরকারি তথ্যে এ চিত্র উঠে আসে। দেশটির ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (এনবিএস) জানায়, সেপ্টেম্বরে চীনের শিল্প উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৫ শতাংশ বেড়েছে। অন্যদিকে এর আগের মাসের প্রবৃদ্ধির হার ছিল ৫ দশমিক ২ শতাংশ। খবর আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরে ৫ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন বাজার বিশ্লেষকরা। গত বছরের প্রথম নয় মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) তুলনায় চলতি বছরের একই সময় সামগ্রিক শিল্প উৎপাদনে ৫ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। খাতভিত্তিক পর্যালোচনায় দেখা গেছে, সেপ্টেম্বরে ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন খাতের প্রবৃদ্ধি হয়েছে ৬ শতাংশ। এছাড়া খনিজ উৎপাদন বেড়েছে ১ দশমিক ৩ শতাংশ। বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ খাতের উৎপাদন বেড়েছে ৫ দশমিক ৬ শতাংশ। বিশেষ করে কম্পিউটার ও ইলেকট্রনিক যন্ত্রপাতি উৎপাদনে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। খাতটির প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৪ শতাংশে।
মিশ্র চিত্র দেখা গেছে চীনের গাড়ি শিল্পে। সেপ্টেম্বরে নতুন জ্বালানিচালিত গাড়ি (এনইভি) বা ইলেকট্রিক গাড়ির উৎপাদন ১৬ দশমিক ৯ শতাংশ বেড়ে ১৮ লাখ ৭০ হাজারে দাঁড়িয়েছে। কিন্তু একই সময় সামগ্রিক গাড়ি উৎপাদন ৫ দশমিক ৭ শতাংশ কমে ৩০ লাখ ৬০ হাজার ইউনিটে নেমে এসেছে।
এছাড়া চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) চীনের মোট খুচরা বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ লাখ কোটি ইউয়ানে, যা গত বছরের একই সময়ের তুলনায় সামান্য বেশি। এ সময় সামগ্রিক পণ্যের বিক্রি ১ শতাংশ বাড়লেও খাবার ও হোটেল খাতের আয় বা ক্যাটারিং রাজস্ব বেড়েছে ২ দশমিক ৪ শতাংশ।
