কালবেলা · রাজনীতি
সিদ্ধান্ত হয় কাজ হয় না, সভা করে কী লাভ: বিমানমন্ত্রী
১১/১০/২০২৬

আগের সভায় নেওয়া সিদ্ধান্তগুলোর দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘সিদ্ধান্ত হয়, কিন্তু কাজ হয় না। গত সভায় নেওয়া সিদ্ধান্তগুলোই যদি বাস্তবায়ন না হয়, তাহলে সভা করে কী লাভ? শুধু সভা করলেই হবে না, গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।’
রোববার (১১ অক্টোবর) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গত সভায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেগুলোর বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ব্রহ্মপুত্র কেন্দ্রিক পর্যটন পরিকল্পনাসহ একাধিক উদ্যোগে অগ্রগতি নেই। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপজেলা পর্যায়ে অফিস স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা ছিল, কিন্তু এ বিষয়ে কী অগ্রগতি হয়েছে, তা জানা যায়নি। একইভাবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওয়াটার সাপ্লাই ও স্যানিটেশন প্রকল্পের প্রস্তাব জমা দিয়ে অনুমোদনের ব্যবস্থা করার কথা থাকলেও এখন পর্যন্ত সেই প্রস্তাবের কপিও দেওয়া হয়নি।
মন্ত্রী আরও বলেন, একটি গণতান্ত্রিক সরকার দ্রুতগতিতে কাজ করতে চায়। গত ১৫ বছরে জনগণ যেসব সেবা থেকে বঞ্চিত হয়েছে, বর্তমান সরকার সেসব সেবা নিশ্চিত করতে চায়। এ লক্ষ্য বাস্তবায়নে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের মধ্যে কার্যকর সমন্বয় থাকতে হবে। পারস্পরিক সহযোগিতা ও দেশ গড়ার মানসিকতা নিয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে। তা না হলে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হবে না।
ময়মনসিংহকে সুন্দর ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করলেই চলবে না, উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়টিও গুরুত্ব দিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে।
রশিদুজ্জামান মিল্লাত আরও বলেন, জেলার সংসদ সদস্যদের সম্পৃক্ত করে উন্নয়নকাজ আরও গতিশীল করা সম্ভব। এ জন্য সরকারি কর্মকর্তাদের জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। সভায় শুধু আলোচনা নয়, গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়নও নিশ্চিত করতে হবে।
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশনা
আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের বিষয়ে মন্ত্রী বলেন, পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এ ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংসদ সদস্যদের প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। প্রয়োজনে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে বলেও জানান মন্ত্রী।
ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
এছাড়া জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা সভায় উপস্থিত ছিলেন।
মূল প্রতিবেদনে যান ↗