ভারতের রাজধানী নয়াদিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় গ্রেফতার ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতাকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছেন আদালত। তাঁরা হলেন সৌরভ দাস ও আশুতোষ রঙ্কা। তাঁদের সঙ্গে আটক আরেক কর্মী অজিঙ্ক শিণ্ডেকে ব্যক্তিগত বন্ডে মুক্তি দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) ভারতীয় গণমাধ্যম ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার যন্তর মন্তরের তালাবদ্ধ ফটক ডিঙিয়ে এবং ব্যারিকেড ভেঙে প্রবেশের পর দাস, রঙ্কা ও শিণ্ডেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাঁদের দিল্লির বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
নির্বাচন কমিশনের পদত্যাগ ও নির্বাচনি সংস্কারের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে তরুণদের নেতৃত্বাধীন সিজেপি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগকে কেন্দ্র করে এই আন্দোলন জোরালো হয়েছে। তবে কমিশন এসব অভিযোগ অস্বীকার করেছে।
নেতাদের গ্রেফতারের নিন্দা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই গ্রেফতারকে কাপুরুষোচিত বলে উল্লেখ করেন। তাঁর বক্তব্য, ছাত্র, যুবক, সাংবাদিক ও ‘ইন্ডিয়া’ জোটের প্রতীক ভিন্ন হলেও তাঁদের প্রতিবাদের মূল দাবি এক - নাগরিকেরা তাঁদের সাংবিধানিক অধিকার চাইছেন।
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও সিজেপি নেতাদের গ্রেফতারের নিন্দা জানিয়ে তাঁদের প্রতি সমর্থন প্রকাশ করেছেন।
আটকের পর দিল্লির উদ্দেশে রওনা হওয়া সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপক বলেন, সরকার ভিন্নমত দমন করছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থা ঘোষণা করার চ্যালেঞ্জ জানান। তাঁর বক্তব্যে ১৯৭০-এর দশকে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর শাসনামলে জারি করা জরুরি অবস্থার প্রসঙ্গ উঠে আসে।
সিজেপির আইনজীবী রত্না সিং অভিযোগ করেন, গ্রেফতারের পর কয়েক ঘণ্টা নেতাদের আইনি সহায়তা পাওয়ার সুযোগ দেওয়া হয়নি।
চলতি বছরের মে মাসে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত এক শুনানিতে কয়েকজন বেকার যুবককে ‘ককরোচ’ বা তেলাপোকার সঙ্গে তুলনা করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই মন্তব্যকে কেন্দ্র করে ব্যঙ্গাত্মক নামের ককরোচ জনতা পার্টির আত্মপ্রকাশ ঘটে। পরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদেও সংগঠনটি ভূমিকা রাখে। সূত্র: বিবিসি
সানা/আপ্র/১৪/১০/২০২৬
