পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার একদিন পর জামিনে মুক্তি পেয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। গতকাল দিল্লির পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। এদিন রাজধানী শহরটির সেন্ট্রাল পার্কে ‘পতাকা উড়াও’ কর্মসূচি ঘোষণা করেছিলেন তিনি। কিন্তু সেখানে যাওয়ার আগে পুলিশ তাকে আটক করে।
সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার (১৭ অক্টোবর) জানিয়েছে, আজ ম্যাজিস্ট্রেট আদালত তাকে ৫০ হাজার রুপি বন্ড এবং ‘শান্তি বিঘ্ন’ করবেন না এমন প্রতিশ্রুতি দেওয়ার বদলে মুক্তি দেন।
দিল্লির মন্দির মার্গ থানায় এক ম্যাজিস্ট্রেট গিয়ে তার জামিন দেন। এরপর অভিজিৎ সেখান থেকে বের হয়ে আসেন।
অভিজিতের সাথে আরেক তরুণ নেত্রী নেহা বোরাকেও গতকাল আটক করা হয়। পরবর্তীতে পুলিশ জানায় তাদের ‘প্রিভেনটিভ কাস্টাডি’-তে নিয়ে যাওয়া হয়েছে। এরমধ্যে আজ সকালে নেহাকে ছেড়ে দেওয়া হয়। অপরদিকে অভিজিৎকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত ১০ অক্টোবর দিল্লির যন্তরমন্তরে জড়ো হওয়ার ঘোষণা দিয়েছিল ককরোচ জনতা পার্টি। ওইদিন অভিজিৎ বিমানে করে দিল্লিতে পৌঁছানোর পর তার অপর দুই সহযোগী আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে বিমান থেকে আটক করা হয়। এর একদিন পরই আবারই তাদের ছেড়ে দেওয়া হয়।
ছাড়া পেয়ে অভিজিৎ চলে যান তার বাড়িতে। অপরদিকে আশুতোষ ও সৌরভ যন্তরমন্তরে যান। সেখানে গিয়ে তারা ভারতের পতাকা উড়ান। এরপর তাদের গ্রেপ্তার করে পুলিশি রিমান্ডে নিয়ে যাওয়া হয়। ওই দুজনকে গ্রেপ্তারের প্রতিবাদেই অভিজিৎ গতকাল দিল্লির সেন্ট্রাল পার্কে ‘পতাকা উড়াও’ কর্মসূচি ঘোষণা করেন। কিন্তু কালকেও সেখানে কাউকে জড়ো হতে দেওয়া হয়নি।
সূত্র: এনডিটিভি
এমটিআই
