Published on
:
1 min read
এই সময়: কেন্দ্রীয় সরকারের গ্যালভানাইজ়িং অর্গ্যানিক বায়ো-অ্যাগ্রো রিসোর্স ধন তথা গোবর্ধন প্রকল্পের আওতায় রাজ্য সরকার কম্পেসড বায়োগ্যাস (সিবিজি) নিয়ে একটি নীতি আনতে চলেছে। মঙ্গলবার বণিকসভা ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স (আইসিসি)-এর এক অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়।
তিনি বলেন, 'পশ্চিমবঙ্গে জ্বালানি ব্যবসার মজবুত পরিকাঠামো তৈরি এবং বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে শিল্প দপ্তর সিবিজি নীতি চালু করতে চলেছে।' উল্লেখ্য, দেশজুড়ে জৈববর্জ্য থেকে বায়োগ্যাস, কম্প্রেসড বায়োগ্যাস এবং জৈব সারের মতো পণ্যের উৎপাদনে গতি আনতে চলতি বছরেই গোবর্ধন প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার।
এ দিনের অনুষ্ঠানে মন্ত্রী জানিয়েছেন, দুর্গাপুজোর পরেই রাজ্যের শিল্পনীতি ঘোষণা করা হবে। যা আগামী দিনে রাজ্যের শিল্পে দিকনির্দেশকের ভূমিকা পালন করবে। এ ছাড়াও রাজ্যে শিল্পের প্রসারের জন্য জমির সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছে বর্তমান সরকার।
এ দিন মন্ত্রী জানান, রাজ্য সরকার বড় ও ভারী উৎপাদন শিল্প, ইঞ্জিনিয়ারিং, ইস্পাত, রাসায়নিক এবং তথ্যপ্রযুক্তি কেন্দ্রিক শিল্পের ক্ষেত্রে বিশেষ জোর দেওয়ার পরিকল্পনা করেছে। এ ছাড়াও তাঁরা পাট, চা পোশাক, রত্ন ও গয়না এবং পোর্ট লজিস্টিক্স ক্ষেত্রেও অগ্রাধিকার দেবেন। মন্ত্রীর কথায়, 'ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন, নিউ জ়িল্যান্ড, ওমান এবং ইউকে-র মুক্ত বাণিজ্য চুক্তি হয়েছে। এই সুবিধাকে কাজে লাগিয়ে রাজ্য থেকে রপ্তানি বৃদ্ধির উপরেও জোর দেওয়া হচ্ছে।'
রপ্তানি ক্ষেত্রে রাজ্যের উন্নতির সম্ভাবনা নিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের গলাতেও একই সুর শোনা গিয়েছে এ দিন। তাঁর কথায়, 'এই উদ্যোগে উত্তর আমেরিকা এবং ইউরোপের পার্টনারদের সঙ্গে ব্যবসায় লাভবান হতে পারে রাজ্য।'
উল্লেখ্য, মিৎসুবিশি, ব্ল্যাকস্টোন, আর্সেলরমিত্তল এবং ডেসুং-এর মতো সংস্থার সঙ্গে রাজ্য সরকার প্রকল্প নিয়ে আলোচনা চালাচ্ছে।