বগুড়ায় ডিজিটাল ওয়ালেট অ্যাপ ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ ও অবৈধ ই-ট্রানজেকশনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর ৪টার দিকে বগুড়া শহরের কলোনি এলাকার আইআইটিবির মূল ফটকের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ দক্ষিণপাড়ার নাজিম উদ্দিন (৪২) ও ফুলকোট পশ্চিমপাড়ার ওবায়দুর রহমান (৪০) এবং সদর উপজেলার হাজরাদিঘী উত্তরপাড়ার নুরুল ইসলাম (৪১)। এর মধ্যে নাজিম উদ্দিন প্রতারক চক্রটির মূল হোতা বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতমাথা-বনানী মহাসড়কের পাশে কলোনি এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত চারটি মোবাইল ফোন এবং পাঁচটি সিম কার্ড জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন। তারা অনলাইন প্ল্যাটফর্মে একটি অ্যাপের মাধ্যমে একাউন্ট খুলে দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা নিতেন। পরবর্তী সময়ে ওই অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা জমা করলে অধিক লাভবান হওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন।
জব্দ করা মোবাইল ফোনগুলোতে বাইন্যান্স, ক্রস মার্কেট, প্ল্যাটিন পাসপোর্ট, অ্যাব্রিক্স ল্যাবস ও ফান্ডএফএক্স-এর মতো প্ল্যাটফর্মে অবৈধ আর্থিক লেনদেনের তথ্য এবং একাধিক জিমেইল আইডির উপস্থিতি পাওয়া গেছে।
এ বিষয়ে বগুড়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার বলেন, আসামিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশে সাইবার জগতে বেআইনি ই-ট্রানজেকশন চালিয়ে আসছিলেন। এ ঘটনায় গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে।
