সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে বাংলাদেশগামী ও বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া ১৩৫টি ফ্লাইটের চলাচল ব্যাহত হয়েছে। এতে এসব ফ্লাইটের ২০ হাজার ৬৭২ যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচকের তথ্য অনুযায়ী, ব্যাহত হওয়া ফ্লাইটের মধ্যে ৬২টি সরাসরি এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৩টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি রয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৮টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে।
বেবিচক জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণে কাজ চলছে।
