'বিগ বস বাংলা'য় ফের ধুন্ধুমার কাণ্ড! 'দুর্বুদ্ধি এবং সুবুদ্ধি'র লড়াইয়ের খেলা শুরু হওয়ার আগেই জোর তর্কাতর্কি বাঁধে রাজবীর দে এবং নন্দিনী দত্তর। কিন্তু কেন? কী নিয়ে 'মা বাবা' তুলে চলল কথা কাটাকাটি?
এদিনের টাস্কে রাজবীর 'মানুষ' হয়েছেন, এবং তাঁর 'সুবুদ্ধি' হয়েছেন নন্দিনী এবং জীতু 'দুর্বুদ্ধি'। দ্বিতীয়জনের হাত থেকে মানুষকে বাঁচাতে হবে প্রথমজনকে। সেই খেলা শুরুর আগে নন্দিনীকে সতর্ক করেন রাজবীর। বলেন জীতুর গায়ের জোর বেশি তাঁর তুলনায়। তাঁর সতর্ক থাকা উচিত। রাজবীর বলেন, "অনুষ্কাকে সাবোটাজ করেছে আগের টাস্কে। শারীরিক ভাবেও স্ট্রং।" তাঁর এই কথাটা গায়ে লেগে যায় নন্দিনীর। তাঁর শারীরিক শক্তি এবং তাঁর ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলায় চোটপাট করা শুরু করেন তিনি। রাজবীর ছাড়ার পাত্র নন। তিনি পাল্টা বলেন, "তুমি নিজের জিনিস মেনে নাও। কিছু মানতে চাও না নিজের বিষয়ে। টাস্কের বিষয়ে কিছু বললেই এরকম করো।" তাতেও নন্দিনী গজগজ করতে থাকেন। বলেন, "তুমি আমার বাবা না। কী করব, কী করব না, তুমি আমায় বলবে না।"
নন্দিনীর এই বাবা, মা তুলে কথা বলাকে একেবারে মেনে নিতে পারেন না রাজবীর। বলেন, "ফালতু কথা বলো না। সেই থেকে ফালতু কথা বলে যাচ্ছ। নিজের বাবা মাকে নিয়ে আসো টাস্কের মাঝে। তুমি বাবা নও, এই নও...। আমি তোমার বাবা হতেও চাই না।" এরপর তিনি গোটা বিষয়টা প্রসঙ্গে জীতুকে বলেন, "ওকে আমি কেন ওকে বুদ্ধি দিয়েছি ওর তাতে সমস্যা।" জবাবে নন্দিনী বলেন, "তোমাকে বুদ্ধি দেওয়া নিয়ে কিছু বলিনি। তুমি পুরুষ হিসেবে বলতে পারো না, জীতুর গায়ের শক্ত বেশি। একটা ছেলে একটা মেয়ের শারীরিক গঠন শক্তি আলাদা। এটা তো বেসিক। এই শিক্ষাটা ওর নেই কেন?" যদিও পরবর্তীতে আবারও আগের মতোই তাঁদের মধ্যে সব মিটমাট হয়ে যায়।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ৩০ আগস্ট থেকে শুরু হয়েছে 'বিগ বস বাংলা'। সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় এগিয়ে চলেছে এই শো। এবারের প্রতিযোগী হিসেবে আছেন দুর্নিবার সাহা, ভরত কল, নিরঞ্জন মণ্ডল, ঝিলম গুপ্ত, সোনামণি সাহা, তনুশ্রী রায় দাস, সায়ক চক্রবর্তী, মনামী ঘোষ, সৃজলা গুহ, সোহিনী পাল, দীপেন্দু বিশ্বাস, প্রমুখ। অনিন্দ্য সেনগুপ্ত বাদ পড়তেই ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নিয়েছেন রাজবীর দে। দ্বিতীয় ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নিয়েছেন জীতু কামাল। খেলা থেকে ইতিমধ্যেই বাদ পড়েছেন জয়িতা চ্যাটার্জি। গত সপ্তাহে এলিমিনেট হয়েছেন অ্যালেক্সজান্দ্রা টেলর এবং সায়ক চক্রবর্তী। এই সপ্তাহে গেম থেকে বাদ পড়লেন সোহিনী পাল, এবং এন্ট্রি নিয়েছেন অনুষ্কা। গত রবিবারের পর্বে বাদ গেলেন না কেউই। এই সপ্তাহের মাঝে বাদ গেলেন দীপেন্দু বিশ্বাস। আর রবিবার অনুষ্কা। সোমবার শারীরিক অসুস্থতার কারণে বাদ পড়েন ঝিলম।
https://youtu.be/vZCv49OXTLI?si=12oiU1wHpcMG-Xmb
