সৌদি আরবের রিয়াদ ও মদিনা অঞ্চলে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চারটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ড্রোনগুলো আটকানো ও ধ্বংস করা হয় বলে জানিয়েছেন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি।
গত জুলাই থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। ওই মাসে ইয়েমেনের রাজধানী সানায় একটি উড়োজাহাজ অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ওই উড়োজাহাজে ইরান থেকে হুথি নেতারা ফিরছিলেন বলে জানা যায়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হুথিরা সৌদি আরবে হামলা চালায়। তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল দেশটির বিমানবন্দর ও তেল পরিশোধনাগার।
অন্যদিকে, হুথিদের রাজধানী সানা থেকে সরিয়ে দিতে অপারেশন ডন অব ইয়েমেন নামে নতুন অভিযান শুরু করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। এতে ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে।
এদিকে, হুথিরা নিয়মিত সৌদি আরবে হামলা চালিয়ে যাচ্ছে। সৌদি আরবের অভিযোগ, ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠী মক্কা ও মদিনাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। তবে হুথিরা এ অভিযোগ প্রত্যাখ্যান করে একে ঘৃণ্য মিথ্যাচার বলে অভিহিত করেছে।
হামলা-পাল্টা হামলার মধ্যে সৌদি আরবের আকাশসীমায় নিষেধাজ্ঞা জারির কথাও জানিয়েছে হুথিরা। তাদের হুমকি, মক্কা ও মদিনা অঞ্চল ছাড়া সৌদি আরবের অন্য কোথাও বিমান চলাচল করতে পারবে না।
এরই মধ্যে বুধবার দাম্মাম বিমানবন্দরে হুথিদের হামলায় দুজন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: আলজাজিরা
