ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে ‘নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার’ (এনপিডি) নামের মানসিক ব্যাধিতে আক্রান্ত বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল গাফফার।
সোমবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক লাইভ ভিডিওতে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার একটি সাইকোলজিক্যাল রোগ আছে, যেটি হচ্ছে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার (এনপিডি)। এই রোগের একটি প্রধান কারণ জেনেটিক। ব্যারিস্টার রুমিন ফারহানার বাবা অলি আহাদও একই রোগে ভুগতেন বলে আমার ধারণা। তারও নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার ছিল।”
ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, “কেন এমন বলছি, একটু ব্যাখ্যা করছি। তার বাবা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। পরে তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক দায়িত্বেও ছিলেন। কিন্তু ১৯৭১ সালের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তার আর মতের মিল হয়নি। তার কিছু বিশেষ চাহিদা ছিল, যেগুলো মুজিব পূরণ করতে পারেননি। এ কারণে তিনি মুজিবকে ছেড়ে দেন। পরবর্তী সময়ে তিনি ডেমোক্রেটিক লীগ নামে একটি নতুন দল গঠন করেন। এরপর ১৯৭৩ সালে সংসদ সদস্য পদে নির্বাচন করে পরাজিত হন। সর্বশেষ বিএনপির সঙ্গে সাতদলীয় ঐক্যজোটে শরিক হন। অর্থাৎ, অলি আহাদ মোটামুটি সব দলই চষে বেড়িয়েছেন। একই বিষয় রুমিন ফারহানার মধ্যেও দেখা যাচ্ছে বলে আমি মনে করি।”
রোগের লক্ষণ সম্পর্কে তিনি বলেন, “নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের প্রধান লক্ষণগুলো বিশ্লেষণ করলে আপনারা বুঝতে পারবেন, কেন আমি তাকে এ ধরনের রোগী বলছি। এই রোগের প্রধান লক্ষণ হচ্ছে প্রশংসা পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। অর্থাৎ, একজন ব্যক্তি চাইবেন, সবাই সারাক্ষণ তার প্রশংসা করবে এবং তাকে সব সময় মাথায় তুলে রাখবে। রুমিন ফারহানার মধ্যেও এ প্রবণতা রয়েছে বলে আমার মনে হয়।”
তিনি আরও বলেন, “দেখুন, বিএনপির সময়ে দলটি তাকে বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়েছে এবং দলের নেতারা তাকে সামনে নিয়ে এসেছেন। তখন তিনি বিএনপির পক্ষে কথা বলেছেন এবং দলটির হয়ে লড়াই করেছেন। কিন্তু বিএনপি যখন তার প্রশংসা করা বন্ধ করে দিয়েছে, তখন তিনি কী করেছেন? জামায়াতের ওপর ভর করেছেন। আবার কখনো কখনো আওয়ামী লীগের পক্ষেও কথা বলতে দেখা গেছে তাকে। মাঝখানে এনসিপিতে যোগ দেওয়ারও উদ্যোগ নিয়েছিলেন। এ ধরনের বহুরূপী আচরণ দেখা যায়—যেখানে প্রশংসা পাওয়া যাবে, সেখানেই চলে যাওয়া; কোনো জায়গায় স্থিতিশীল না থাকা।”
তিনি বলেন, “দ্বিতীয় যে লক্ষণটির কথা বলব, সেটি হচ্ছে বিশেষ সুবিধা পাওয়ার আকাঙ্ক্ষা। বিএনপির কাছ থেকে বিশেষ সুবিধা পেয়েছিলেন বলেই তিনি দলটিতে ছিলেন বলে আমার ধারণা। ম্যাডাম জিয়া তাকে সংসদ সদস্য করেছিলেন, যদিও ছাত্রদল ও বিএনপিতে আরও অনেক ত্যাগী ও পরীক্ষিত নেত্রী ছিলেন।”
রাজনৈতিক কৌশলের সমালোচনা করে তিনি বলেন, “সংসদ সদস্য হওয়ার পর তিনি বিএনপির পক্ষে কথা বলেছেন। বিএনপি দুর্নীতিবাজ ও চাঁদাবাজ দল নয়—এমন বক্তব্য দিয়ে সংসদে অসংখ্য বক্তৃতা দিয়েছেন। বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন দল নয়, এ কথার পক্ষেও তিনি জোরালো বক্তব্য রেখেছেন। কিন্তু বিএনপি যখন তাকে সংসদ সদস্য পদে মনোনয়ন দেয়নি, তখন তিনি নিজের আগের বক্তব্যের বিরোধিতা করে দলটিকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন বলে আমার অভিযোগ। বিষয়টি আপনারা কয়েক দিন আগেও দেখেছেন। আসলে তিনি যেখানে যে সুবিধা পান, সেখানেই চলে যান।”
বিয়ের প্রসঙ্গে তিনি বলেন, “এ ছাড়া বাজারে একটি কথাও প্রচলিত আছে যে, কিছু মানুষের কাছ থেকে বিশেষ সুবিধা না পাওয়ার কারণে নাকি তার এখনো বিয়ে হচ্ছে না। অর্থাৎ, সেখানেও বিশেষ সুবিধা পাওয়ার বিষয়টি সামনে আসছে।”
দাম্ভিকতা নিয়ে তিনি বলেন, “তৃতীয় যে লক্ষণটির কথা বলব, সেটি হচ্ছে দাম্ভিক আচরণ। এই মহিলার মধ্যে ব্যাপক দাম্ভিকতা দেখতে পাবেন। তিনি কাউকেই গুরুত্ব দেন না, নিজেকেই সর্বেসর্বা মনে করেন। কিছু নারী আছেন, যাঁরা সব জায়গায় কূটনামি করে বেড়ান, ঝগড়া বাধান। যতক্ষণ পর্যন্ত ঝগড়ায় জিততে না পারেন, ততক্ষণ পর্যন্ত তা চালিয়ে যান। অর্থাৎ, নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করেই ছাড়েন। এ ধরনের আচরণ তার মধ্যেও দেখা যায় বলে আমি মনে করি।”
সবশেষে জাবি ছাত্রদলের এই নেতা বলেন, “রুমিন ফারহানার যেহেতু এই রোগ রয়েছে বলে আমি মনে করি, তাই এর চিকিৎসাও রয়েছে। চিকিৎসার কথা বলতে গেলে, আমি তাকে বলব, আপনি এই রোগের সঠিক চিকিৎসা নিন। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি (সিবিটি) নামে একটি চিকিৎসাপদ্ধতি রয়েছে। আপনি দয়া করে কোনো বিশেষজ্ঞ মনোরোগ চিকিৎসকের কাছে যান এবং থেরাপি নিন। আশা করি, ভবিষ্যতে আপনি ভালো কিছু করতে পারবেন এবং আপনার এই নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার আর থাকবে না।”
The post রুমিন ফারহানাকে ‘মানসিক রোগী’ বললেন ছাত্রদল নেতা appeared first on The voice of Brahmanbaria || Local news means the world is.
