মাত্র কয়েকমাস আগেই জন্ম। তার মাঝেই একের পর এক আন্দোলনের জেরে নজর কেড়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বর্তমানে এসআইআর এবং ‘ভোটচুরি’ ইস্যুতে সরব হয়েছে তারা। এবার ‘আরশোলা’দের দমাতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’।
সম্প্রতি সংবাদ সংস্থা ‘আইএএনএস’কে সাক্ষাৎকার দেন ‘লাল হিট জনতা পার্টি’ক আহ্বায়ক
অয়ন ভাটনগর। তিনি বলেন, “নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এই দল গঠিত হয়নি। এটা আমরা আগেই স্পষ্ট করে দিয়েছি। আমরা সিজেপি এবং তাদের প্রতিবাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। আমরা সেই সব ‘আরশোলা’দের বিরোধিতা করি, যারা দেশের গণতন্ত্রকে দুর্বল করতে চায়, দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালায়। আমরা আমাদের মতামত ও যুক্তি তুলে ধরব, আমাদের বার্তা সমাজে ছড়িয়ে দেব।” তিনি আরও বলেন, “আমরা দেখিয়ে দেব, সিজেপিকে চ্যালেঞ্জ করার জন্য এখন ‘লাল হিট জনতা পার্টি’-র মতো একটি দল রয়েছে। সাহস থাকলে আসুন, বিতর্কে অংশ নিন। আপনারা জিতলে সেটা হবে আপনাদের জয়, আর আমরা জিতলে সেটা হবে আমাদের জয়।”
উল্লেখ্য, বর্তমানে এসআইআর-এ ‘কারচুপি’-সহ একাধিক অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছে সিজেপি। গ্রেপ্তার হন দলের তিন শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস। যদিও পরে শর্তসাপেক্ষে ছাড়া পান দীপকে। আগামী ১ বছর শান্তিভঙ্গ হয় এমন কোনও কাজ তিনি করবেন না, এই মর্মে একটি পিস বন্ডে (পড়ুন মুচলেকা) সই করেছেন তিনি। শুধু তাই নয়, ৫০ হাজার টাকার বন্ডেও সই করতে হয়েছে ‘ককরোচ’ প্রধানকে।
