সবার সামনে হাসছেন, বন্ধুদের সঙ্গে গল্প করছেন, কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করছেন, এমনকি অন্যের মন খারাপেও সান্ত্বনা দিচ্ছেন। আপনাকে দেখে কেউ হয়তো বুঝতেই পারবে না, দিনের শেষে একা ঘরে ফিরে মানুষটি কতটা ভেঙে পড়েন। ঠোঁটে হাসি থাকলেও মনের ভেতর জমে থাকতে পারে শূন্যতা, হতাশা আর নিজেকে মূল্যহীন মনে করার যন্ত্রণা। কাউকে বুঝতে না দিয়ে প্রতিদিন স্বাভাবিক থাকার এই লড়াই কখনো কখনো গভীর বিষণ্ণতারই আড়াল হতে পারে। মনোবিজ্ঞানের আলোচনায় এমন অভিজ্ঞতাকে অনেক সময় ‘স্মাইলিং ডিপ্রেশন’ বা হাসিমুখের আড়ালে বিষণ্ণতা বলা হয়।
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী?
‘স্মাইলিং ডিপ্রেশন’ বিষণ্ণতার কোনো আনুষ্ঠানিক চিকিৎসাবৈজ্ঞানিক নাম নয়। তবে শব্দটি এমন এক অভিজ্ঞতাকে বোঝাতে ব্যবহৃত হয়, যেখানে একজন মানুষ বাইরে থেকে হাসিখুশি ও স্বাভাবিক থাকলেও ভেতরে ভেতরে বিষণ্ণতা, হতাশা কিংবা শূন্যতায় ভুগতে পারেন।
যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মানসিক স্বাস্থ্য গবেষক ডা. অলিভিয়া রেমিসের মতে, বাইরে থেকে সুখী মনে হলেও ভেতরে বিষণ্ণ ও হতাশ বোধ করার অভিজ্ঞতাই এই পরিভাষার মূল বিষয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বজুড়ে ৩২ কোটির বেশি মানুষের ক্ষেত্রে এ অনুভূতিগুলো বিষণ্ণতায় পরিণত হয়। ২০৩০ সাল নাগাদ বিশ্বে আর্থ সামাজিক ক্ষেত্রে বড় সংকটের তৈরি করতে যাচ্ছে বিষণ্ণতা।
এটি এমন একটি অবস্থা যখন দীর্ঘস্থায়ী বিষণ্ণতা অথবা কোনো বিষয়ে আগ্রহ ও আনন্দ হারিয়ে ফেলার মতো লক্ষণগুলো সপ্তাহ বা মাস ধরে চলতে থাকে এবং তা কাজ, সম্পর্ক, ঘুম ও দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে।
কিন্তু বিষণ্ণতার লক্ষণ সবসময় আমাদের প্রত্যাশা অনুযায়ী হয় না।
প্রকৃতপক্ষে, গবেষণায় দেখা গেছে যে বিষণ্ণতায় আক্রান্ত প্রায় ৪০ শতাংশ মানুষ এর একটি 'অস্বাভাবিক' রূপ অনুভব করেন, যেখানে লক্ষণগুলো গতানুগতিক ধারণার থেকে ভিন্ন হয়।
উদাহরণস্বরূপ, কেউ স্বাভাবিকের চেয়ে কম ঘুমানোর বা খাওয়ার পরিবর্তে বেশি ঘুমাতে বা খেতে পারে, আবার ভালো বা উত্তেজনাপূর্ণ কিছু ঘটলে তার মেজাজ সাময়িকভাবে ভালো হয়ে যেতে পারে।
এবং এমন প্রমাণ রয়েছে যে বিষণ্ণতায় আক্রান্ত ব্যক্তিরা নিজেদের ভেতরের অবস্থা আড়াল করার জন্য কৌশলের ব্যবহার করতে পারেন, যা 'মাস্কিং' নামেও পরিচিত।
এর মানে হলো - যখন কোনো মানুষ অন্যদের সাথে মিশে যাওয়ার জন্য তার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য বা আবেগ লুকানোর চেষ্টা করে।
কেন নিজের কষ্ট লুকিয়ে রাখে মানুষ?
অনেকেই বুঝতে পারেন না যে তাদের মানসিক অবস্থার পরিবর্তন বিষণ্ণতার লক্ষণ হতে পারে। দীর্ঘদিনের ক্লান্তি, কাজের চাপ কিংবা ব্যক্তিগত সমস্যার স্বাভাবিক প্রতিক্রিয়া ভেবে তারা বিষয়টি এড়িয়ে যান।
আবার কেউ কেউ নিজের দুর্বলতা প্রকাশ করতে চান না। বিশেষ করে যাদের নিজের কাছে প্রত্যাশা অনেক বেশি, তারা সব পরিস্থিতিতে সফল ও দায়িত্বশীল থাকার চেষ্টা করেন। অন্যের কাছে নিজেকে অসহায় হিসেবে তুলে ধরতে না চেয়ে মনের কষ্ট গোপন রাখেন।
সামাজিকভাবে বিচারিত হওয়ার ভয়ও এর অন্যতম কারণ। কেউ ভাবতে পারেন, মানসিক সমস্যার কথা জানালে কর্মক্ষেত্রে সম্মান কমে যাবে, সম্পর্ক নষ্ট হবে কিংবা পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়বেন। কারও কারও মনে হয়, নিজের কষ্টের কথা বললে অন্যের ওপর বোঝা চাপানো হবে।
কিন্তু দীর্ঘদিন আবেগ চেপে রাখা সমস্যার সমাধান নয়। বরং এতে নিজের প্রয়োজন বোঝা এবং সময়মতো সহায়তা নেওয়া কঠিন হয়ে পড়তে পারে।
হাসিমুখের আড়ালে বিষণ্ণতার ৭টি সম্ভাব্য লক্ষণ-
১. প্রিয় কাজেও আর আনন্দ পান না
একসময় বন্ধুদের সঙ্গে আড্ডা, প্রিয় সিনেমা দেখা, ব্যায়াম কিংবা ঘুরতে যাওয়ার মতো বিষয়গুলো আনন্দ দিত। কিন্তু এখন সেগুলোই বিরক্তিকর বা অর্থহীন মনে হচ্ছে। আগ্রহ ও আনন্দ হারিয়ে ফেলার এই পরিবর্তন বিষণ্ণতার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে।
২. হাত-পা অস্বাভাবিক ভারী লাগে
পর্যাপ্ত বিশ্রামের পরও শরীর ভারী লাগা, চলাফেরা করতে কষ্ট হওয়া কিংবা দৈনন্দিন কাজ শুরু করতেই অস্বাভাবিক পরিশ্রমের প্রয়োজন হওয়া কিছু মানুষের বিষণ্ণতার সঙ্গে সম্পর্কিত হতে পারে। অ্যাটিপিক্যাল ডিপ্রেশনের ক্ষেত্রে হাত-পায়ে ভারী অনুভূতির কথাও উল্লেখ করা হয়। তবে এ ধরনের উপসর্গের অন্য শারীরিক কারণও থাকতে পারে।
৩. বারবার পরিকল্পনা বাতিল করেন
বন্ধুদের সঙ্গে দেখা করার কথা ছিল, কিন্তু সময় ঘনিয়ে আসতেই আর যেতে ইচ্ছা করছে না। বাইরে থেকে সামাজিক ও প্রাণবন্ত মনে হলেও ভেতরের ক্লান্তি বা মন খারাপের কারণে বারবার পরিকল্পনা বাতিল করছেন। এমন পরিবর্তন নিয়মিত ঘটলে নিজের মানসিক অবস্থার দিকে নজর দেওয়া প্রয়োজন।
৪. বেশি ঘুমিয়েও ক্লান্তি কাটে না
কেউ কেউ বিষণ্ণতার সময় স্বাভাবিকের তুলনায় বেশি ঘুমান। তারপরও সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয় কিংবা সারাদিন অবসন্ন লাগে। দিনের শেষে ক্লান্তি ও মন খারাপ আরও বেড়ে যেতে পারে। তবে দীর্ঘস্থায়ী ক্লান্তির পেছনে অন্য শারীরিক সমস্যাও থাকতে পারে।
৫. সমালোচনা বা প্রত্যাখ্যানে অতিরিক্ত কষ্ট পান
কর্মক্ষেত্রে সামান্য মন্তব্য কিংবা বন্ধুর একটি পরিকল্পনা বাতিল করাও স্বাভাবিকের চেয়ে অনেক বেশি কষ্ট দিতে পারে। প্রত্যাখ্যাত হওয়ার ভয়, আত্মবিশ্বাস কমে যাওয়া কিংবা অন্যের কথাকে নিজের অযোগ্যতার প্রমাণ হিসেবে ধরে নেওয়ার প্রবণতা বাড়তে পারে। তবে এটি একা বিষণ্ণতা নির্ণয়ের জন্য যথেষ্ট নয়।
৬. সব সময় হাস্যরস করেন বা অন্যকে সাহায্য করেন
অনেকে নিজের কষ্ট আড়াল করতে সব সময় অন্যকে হাসানোর চেষ্টা করেন। কেউ কর্মক্ষেত্রে অতিরিক্ত ব্যস্ত থাকেন, আবার কেউ সবার সমস্যা সমাধানে এগিয়ে আসেন। বাইরে থেকে তাদের আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত মনে হলেও নিজের অনুভূতি প্রকাশের সুযোগ তারা হয়তো নিজেকেই দেন না।
অন্যকে সাহায্য করা বা হাসিখুশি থাকা নিজে কোনো সমস্যার লক্ষণ নয়। তবে এসব আচরণের আড়ালে যদি দীর্ঘদিনের মানসিক কষ্ট লুকিয়ে থাকে, তাহলে সেটি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।
৭. নিজের সম্পর্কে নেতিবাচক চিন্তা বাড়ে
বাইরে থেকে আত্মবিশ্বাসী মনে হলেও ভেতরে ভেতরে কেউ নিজেকে ব্যর্থ, অযোগ্য কিংবা মূল্যহীন ভাবতে পারেন। নিজের কাজ নিয়ে অতিরিক্ত সমালোচনা, বারবার আত্মসন্দেহ এবং ভবিষ্যৎ নিয়ে নিরাশা তৈরি হতে পারে। এসব চিন্তা দীর্ঘস্থায়ী হলে মানসিক স্বাস্থ্যের বিষয়ে সহায়তা নেওয়া জরুরি।
কেন বিষণ্ণতা আড়াল করে রাখা ঝুঁকিপূর্ণ?
বিষণ্ণতা মানুষকে একাকিত্বের দিকে ঠেলে দিতে পারে। অথচ কষ্টের কথা কাউকে না জানালে আশপাশের মানুষ সমস্যাটি বুঝতে পারেন না। ফলে প্রয়োজনীয় সহায়তা পেতে দেরি হয়।
যুক্তরাজ্যের এক্সেটার বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অধ্যাপক বার্নি ডান মনে করেন, অন্যদের সঙ্গে ইতিবাচক যোগাযোগ ও সম্পর্ক বজায় রাখা মানসিক সুস্থতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
দীর্ঘদিন বিষণ্ণতার লক্ষণ উপেক্ষা করলে সমস্যা আরও গুরুতর হতে পারে। কিছু ক্ষেত্রে আত্মহত্যার চিন্তা বা আত্মহানির ঝুঁকিও তৈরি হতে পারে। তাই নিজের কষ্টকে ছোট করে দেখা কিংবা সব সময় স্বাভাবিক থাকার অভিনয় করতে গিয়ে সাহায্য নেওয়া পিছিয়ে দেওয়া উচিত নয়।
কীভাবে সামলাবেন এই পরিস্থিতি?
প্রথমেই নিজের অনুভূতিকে অস্বীকার না করে তা বোঝার চেষ্টা করুন। দীর্ঘদিন ধরে মন খারাপ থাকা, আগ্রহ হারিয়ে ফেলা কিংবা নিজের সম্পর্কে নেতিবাচক চিন্তা বাড়তে থাকলে বিষয়গুলো গুরুত্ব দিন।
বিশ্বস্ত বন্ধু, পরিবারের সদস্য কিংবা কাছের কারও সঙ্গে মনের কথা ভাগ করে নিতে পারেন। সব সমস্যার সমাধান একবারে বলতে হবে না; ছোট করে নিজের অনুভূতি প্রকাশ করাও সহায়ক হতে পারে।
সমস্যা দীর্ঘস্থায়ী হলে বা দৈনন্দিন জীবন ব্যাহত হলে মনোরোগ বিশেষজ্ঞ কিংবা মানসিক স্বাস্থ্য পেশাজীবীর পরামর্শ নিন। প্রয়োজন অনুযায়ী মনস্তাত্ত্বিক চিকিৎসা, কথাভিত্তিক থেরাপি এবং চিকিৎসকের পরামর্শে ওষুধ বিষণ্ণতা মোকাবিলায় কার্যকর হতে পারে।
মনে রাখতে হবে, ‘স্মাইলিং ডিপ্রেশন’-এর তালিকাভুক্ত লক্ষণগুলোর কোনোটি থাকলেই কেউ বিষণ্ণতায় ভুগছেন, এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। সঠিক মূল্যায়নের জন্য বিশেষজ্ঞের পরামর্শ প্রয়োজন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, হাসিখুশি থাকা মানেই যে মানুষটি ভালো আছেন, তা নয়। আপনার আশপাশের কেউ সব সময় হাসছেন বলে তার কষ্টকে তুচ্ছ করবেন না। আর আপনি নিজেই যদি হাসিমুখের আড়ালে প্রতিদিন লড়াই করে চলেন, তাহলে মনে রাখবেন—আপনার কষ্টের কথা বলার অধিকার আছে, সাহায্য চাওয়ার অধিকার আছে। সব সময় শক্ত থাকার অভিনয় করতে হবে না।
