পুজোর ক'টা দিন সাজগোজ, ভারী মেকআপ, রাত জাগা, বাইরে ঘোরাঘুরি আর অনিয়মিত খাওয়াদাওয়ার মধ্যে দিয়েই কেটে যায়। উৎসবের আনন্দে ত্বকের যত্ন নেওয়ার কথা অনেক সময়ই মনে থাকে না। তার উপর ধুলোবালি, দূষণ এবং দীর্ঘক্ষণ মেকআপ পরে থাকার কারণে ত্বক হয়ে উঠতে পারে শুষ্ক, রুক্ষ ও নিষ্প্রভ। মুখের স্বাভাবিক জেল্লাও যেন হারিয়ে যায়। দামি ফেশিয়াল না করিয়েও রোজের স্কিনকেয়ার রুটিনে কয়েকটি পরিবর্তন এনে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে পারেন। কী করবেন?
মৃদু ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করুন: পুজোর সময় দীর্ঘক্ষণ মেকআপ করে থাকার অভ্যাস থাকলে ত্বকের উপর জমতে পারে মেকআপের অবশিষ্টাংশ, তেল ও ধুলোবালি। তাই প্রতিদিন সকালে ও রাতে ত্বকের ধরন অনুযায়ী মৃদু ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করুন। মেকআপ থাকলে প্রথমে উপযুক্ত মেকআপ রিমুভার ব্যবহার করুন। তবে বারবার মুখ ধোয়া বা অতিরিক্ত শক্তিশালী ক্লিনজার ব্যবহার করা থেকে বিরত থাকুন। এতে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট হয়ে শুষ্কতা বাড়তে পারে।
ময়েশ্চারাইজার: ত্বক সুস্থ রাখতে ময়েশ্চারাইজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখ ধোয়ার পর ত্বক সামান্য ভেজা থাকতেই ময়েশ্চারাইজার লাগাতে পারেন। এতে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য হয়। শুষ্ক ত্বকের জন্য ঘন ক্রিম এবং তৈলাক্ত ত্বকের জন্য হালকা, নন-কমেডোজেনিক ময়েশ্চারাইজার বেছে নেওয়া যেতে পারে। ত্বক সংবেদনশীল হলে সুগন্ধিবিহীন প্রসাধনী ব্যবহার করাই ভাল।
স্কিনকেয়ারে রাখুন হায়ালুরোনিক অ্যাসিড: ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত সিরাম ব্যবহার করতে পারেন। এই উপাদান ত্বকে জল ধরে রাখতে সাহায্য করে। ফলে ত্বক তুলনায় মসৃণ ও সতেজ দেখাতে পারে। তবে সিরাম ব্যবহারের পর ময়েশ্চারাইজার লাগানো জরুরি। নতুন কোনও প্রসাধনী ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নিন।
সানস্ক্রিন: পুজো শেষ হলেও বাইরে বেরোলে সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করতে পারে এবং ত্বকের অকালবার্ধক্যের ঝুঁকি বাড়াতে পারে। তাই দিনের বেলায় অন্তত এসপিএফ ৩০-যুক্ত ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করুন। দীর্ঘক্ষণ বাইরে থাকলে এবং ঘামলে নির্দেশিকা অনুযায়ী পুনরায় লাগান।
ত্বককে বিশ্রাম দিন, পর্যাপ্ত জল পান করুন: পুজোর পরপরই একাধিক ফেশিয়াল, স্ক্রাব বা নতুন প্রসাধনী ব্যবহার করার প্রয়োজন নেই। ত্বককে স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় দিন। কয়েক দিন নিয়মিত ক্লিনজিং, ময়েশ্চারাইজিং ও সানস্ক্রিন ব্যবহারের মতো মৌলিক যত্নেই মন দিন। অতিরিক্ত এক্সফোলিয়েশন বা একসঙ্গে অনেক সক্রিয় উপাদান ব্যবহার করলে ত্বকে জ্বালা ও শুষ্কতা দেখা দিতে পারে।
পাশাপাশি পর্যাপ্ত জল পান করুন, সুষম খাবার খান এবং ঘুমের দিকে নজর দিন। ত্বকে অতিরিক্ত লালচে ভাব, চুলকানি বা জ্বালা দেখা দিলে নিজে থেকে নানা প্রসাধনী ব্যবহার না করে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
