Published on
:
1 min read
রবিবার সকালে পানাগড়ের ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় একজন যাত্রীর মৃত্যু হয়। জখম হয়েছেন ১০ জন। জানা গিয়েছে, এ দিন সকালে একটি ট্যুরিস্ট বাস একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। তাতে বাসটির সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। এর কিছুক্ষণ পরেই কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজন যাত্রীকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বাকি জখম ১০জন যাত্রীর হাসপাতালে চিকিৎসা চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন বাসটি বিহারের জামুই থেকে কলকাতা আসছিল।পানাগড় এলাকায় সামনে থাকা একটি কয়লাবোঝাই ট্রাকের পিছনে বাসটি ধাক্কা মারে।বাস এবং ট্রাকটির গতি কত ছিল পুলিশ তা খতিয়ে দেখছে। এই ঘটনার জেরে জাতীয় সড়কের ওই অংশে কিছুক্ষণ যানজট তৈরি হয়। পরে, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
