Home / চাঁদপুর / চাঁদপুর শহরে বিদেশি কসমেটিকস ও শিশু খাদ্যে ভুয়া স্টিকার, ৩০ হাজার টাকা জরিমানা
চাঁদপুর শহরে বিদেশি কসমেটিকস ও শিশু খাদ্যে ভুয়া স্টিকার, ৩০ হাজার টাকা জরিমানা
in চাঁদপুর
চাঁদপুরে বিদেশি কসমেটিকস ও শিশুদের পণ্যে আমদানিকারকের আসল স্টিকারের বদলে ভুয়া স্টিকার লাগিয়ে বাজারজাত করার অপরাধে ‘এ. এস. এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চাঁদপুর শহরের নাজিরপাড়া ও বিপণীবাগ এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন। অভিযানকালে অভিযুক্ত প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার মুচলেকা দেয়। এ সময় প্রতিষ্ঠানটি থেকে জব্দ করা বিভিন্ন আমদানিকারকের ভুয়া স্টিকার ধ্বংস করা হয়।
অভিযান প্রসঙ্গে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
অভিযানকালে শহরের অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। এ সময় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, সঠিক ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, কোনো অবস্থাতেই মেয়াদোত্তীর্ণ পণ্য বা ওষুধ বিক্রি না করা এবং অবৈধভাবে পণ্য মজুত করা থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়।
স্টাফ করেসপন্ডেট/
১৪ অক্টোবর ২০২৬
