খুলনা গেজেট অক্টোবর ২৪, ২০২৬ ১:২২ অপরাহ্ণ
খুলনার তেরখাদায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হয়েছেন মধুপুর ইউনিয়নের যুবদল নেতা মোঃ রামীম বিশ্বাস (৩২)। আজ শনিবার বেলা ১১টার দিকে সেনেরবাজার-মধুপুর সড়কের পারহাজীগ্রামস্থ ‘খান ব্রীকস’-এর নিকটবর্তী জনৈক আয়নাল মোল্লার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
রামীম বিশ্বাস তেরখাদার পারহাজীগ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি তেরখাদার ৬নং মধুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি।
জেলা পুলিশের তথ্যানুযায়ী, শনিবার সকালে সেনেরবাজার-মধুপুর সড়কের পারহাজীগ্রামস্থ ‘খান ব্রীকস’-এর নিকটবর্তী জনৈক আয়নাল মোল্লার বাড়ির সামনে একটি ভ্যানে অবস্থান করছিলেন রামীম। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে এসে পেছন থেকে তাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। দুর্বৃত্তদের ছোড়া গুলি তার পাঁজরে বিদ্ধ হলে তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই স্থানীয় লোকজনের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।
ঘটনার সংবাদ পাওয়া মাত্রই তেরখাদা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
খুলনা জেলা পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং অপরাধীদের শনাক্তকরণসহ দ্রুত গ্রেপ্তারে সচেষ্ট আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং ওই এলাকায় পুলিশের বিশেষ নজরদারি বজায় রয়েছে।
খুলনা গেজেট/এনএম
