টাঙ্গাইলের সদর উপজেলার ডেলি করটিয়া এলাকায় অবৈধভাবে এলপিজি গ্যাস মজুদ, অতিরিক্ত দামে বিক্রি এবং বৈধ কাগজপত্র না থাকার অপরাধে আজাদ ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩০০ বোতল গ্যাস জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (১১ অক্টোবর) বিকেলে অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডেলি করটিয়া এলাকার আজাদ ট্রেডিংয়ে ঝটিকা অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় প্রতিষ্ঠানের মালিকপক্ষের কাছে এলপিজি গ্যাস আমদানির বৈধ কাগজপত্র, বিক্রির রেজিস্টার এবং গোডাউনের অনুমোদনপত্র দেখতে চাওয়া হয়। কিন্তু প্রতিষ্ঠানটি কোনো ধরনের বৈধ কাগজ দেখাতে ব্যর্থ হয়। প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয় যে, কোনো রকম অনুমোদন ছাড়াই অবৈধ পন্থায় গ্যাস আমদানি করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির পাঁয়তারা করছিল প্রতিষ্ঠানটি। পাশাপাশি ভোক্তাদের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম আদায় করা হচ্ছিল।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির গোডাউন তল্লাশি করে ৩০০ বোতল এলপিজি গ্যাস জব্দ করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান প্রসঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল জানান, অবৈধ উপায়ে এলপিজি গ্যাস আমদানি ও অতিরিক্ত মূল্যে বিক্রির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। গোডাউনের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় এবং জব্দকৃত ৩০০ বোতল গ্যাস পরবর্তীতে সরকারি নির্ধারিত মূল্যে সাধারণ ভোক্তাদের কাছে বিক্রির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য রোধে জেলাজুড়ে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
