প্রকাশিত: ২৩:১৯, ২৪ অক্টোবর ২০২৬
বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে আর থাকছেন না আশরাফুল।
বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এসেছে। মোহাম্মদ আশরাফুলকে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলের সঙ্গে থাকছেন না সাবেক এই অধিনায়ক। নতুন বিদেশি ব্যাটিং কোচ নিয়োগের আগপর্যন্ত দায়িত্ব সামলাবেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) শনিবার (২৪ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আশরাফুলের জায়গায় সালাউদ্দিনের দায়িত্ব নেওয়ার বিষয়টি জানিয়েছে।
২০২৫ সালে আয়ারল্যান্ড সিরিজ দিয়ে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ শুরু করেছিলেন আশরাফুল। প্রায় এক বছর দায়িত্ব পালনের পর এবার তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত এলো। তবে বিসিবি জানিয়েছে মোহাম্মদ আশরাফুলকে বোর্ডের অন্য একটি দায়িত্বে পুনর্বহাল করা হবে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাটিং নিয়ে সমালোচনা বেড়েছে। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে বড় সংগ্রহ গড়া কিংবা বড় লক্ষ্য তাড়া করা, দুই ক্ষেত্রেই ধারাবাহিকতার অভাব স্পষ্ট। ত্রিদেশীয় সিরিজেও ব্যাটিংয়ে ভুগেছে দল। সেই পরিস্থিতিতে ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন আনা হলো।
আপাতত দায়িত্ব পাওয়া সালাউদ্দিন দেশের ক্রিকেটে পরিচিত কোচ। ২০২৪ সালের নভেম্বরে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ পান তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে শুরু হয় তাঁর এই দায়িত্ব। তখন জাতীয় দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্পকে সরিয়ে দেওয়া হয়েছিল। এরপর প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে মিলেই দলের ব্যাটিং নিয়ে কাজ করছিলেন সালাউদ্দিন।
সম্প্রতি তাঁকে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের প্রধান কোচের দায়িত্বও দেওয়া হয়েছে। এবার নতুন বিদেশি ব্যাটিং কোচ নিয়োগ না হওয়া পর্যন্ত জাতীয় দলের ব্যাটিংয়ের দায়িত্বও সামলাতে হবে তাঁকে।
