The Sangbad · রাজনীতি
বিএনপি সরকার বারবার ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার
১২/১০/২০২৬

‘১১ দলের লং মার্চে পতিত সরকার ফিরে আসবে’ এমন বক্তব্য দিয়ে বর্তমান সরকার নতুন ন্যারেটিভ বা অজুহাত তৈরি করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।তিনি বলেন, সরকার বারবার নতুন ন্যারেটিভ তৈরি করে জনগণের ন্যায্য গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলনকে থামিয়ে দিতে চায়। একই সঙ্গে মূল আলোচনা অন্যদিকে ঘুরিয়ে দিতে ভিন্ন পরিকল্পনা করছে। এই জুজুর ভয় দেখিয়ে লাভ নেই; ভয় দেখিয়ে জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করার বাহানা করছে সরকার।রোববার (১১ অক্টোবর) দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া লং মার্চের প্রস্তুতি বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।গণভোট বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণের দাবিতে এ লং মার্চের আয়োজন করা হয়েছে বলে জানান জামায়াতের এই শীর্ষ নেতা।মিয়া গোলাম পরওয়ার বলেন, যোগ্যতা থাকুক আর না থাকুক, সব জায়গায় সরকারি দলের নেতাকর্মীদের বসিয়ে দেওয়া হচ্ছে। এমনকি সারের ডিলারশিপের ক্ষেত্রেও সরকারি দলের লোকজন ছাড়া অন্য কেউ সুযোগ পাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির তীব্র সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, ‘খুলনায় পুলিশের একাকী চলাচলে নিষেধ করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হলে পুলিশকে এভাবে চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া লাগে! টালবাহানা ও অপ্রাসঙ্গিক কথাবার্তা না বলে আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে সরকারের নজর দেওয়া উচিত।’তিনি আরও জানান, বিগত দিনে ১১ দলীয় জোটের অধীনে দুটি লং মার্চ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এবারের লং মার্চও একইভাবে শান্তিপূর্ণ থাকবে। তবে দীর্ঘ এই যাত্রার কারণে সাময়িক যাতায়াত ও চলাচলে যে ভোগান্তি হতে পারে, সে জন্য দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যবসায়ী, পথচারীসহ সর্বস্তরের মানুষের কাছে অগ্রিম দুঃখ প্রকাশ করেন তিনি।লং মার্চের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানিয়ে জামায়াত নেতা বলেন, নির্ধারিত দিনে সকাল ৮টায় ঢাকার বায়তুল মোকাররম এলাকা থেকে এক সংক্ষিপ্ত জনসভার মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এরপর পদ্মা সেতু হয়ে প্রায় ১ হাজার গাড়ির বহর নিয়ে লং মার্চটি কুষ্টিয়ার উদ্দেশে রওনা হবে। প্রায় ১২ ঘণ্টার দীর্ঘ এই পথযাত্রায় গণমাধ্যমকর্মী, চিকিৎসক, শিল্পী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশ নেবেন।যশোর জেলা জামায়াতের আমীর ও সংসদ সদস্য গোলাম রসূলের সভাপতিত্বে মতবিনিময় সভায় সংসদ সদস্য মোক্তার আলী, গাজী এনামুল হক এবং ফরিদপুর, কুষ্টিয়া, শরীয়তপুর, গোপালগঞ্জসহ পার্শ্ববর্তী জেলাগুলোর জামায়াতের স্থানীয় ও কেন্দ্রীয় দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।
মূল প্রতিবেদনে যান ↗