The Sangbad · স্বাস্থ্য
ডেঙ্গু-হাম মোকাবিলায় চিকিৎসাশিক্ষার্থীদের সক্রিয় হওয়ার আহ্বান ডা. রফিকের
১৫/১০/২০২৬

দেশের বর্তমান ডেঙ্গু ও হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি স্বাস্থ্য কার্যক্রমের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে চিকিৎসাশিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ডা. মো. রফিকূল ইসলাম।তিনি বলেন, চিকিৎসাশিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান ও স্বেচ্ছাসেবার মানসিকতাকে কাজে লাগিয়ে জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে অনুষ্ঠিত ‘মেডিসিন ক্লাব’ কেন্দ্রীয় কমিটির ২৭তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফোয়ারা তাসমিম।সম্মেলনের মূল বক্তব্যে ডা. মোঃ রফিকূল ইসলাম বলেন, চিকিৎসাবিজ্ঞান কেবল রোগ নির্ণয় ও চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ নয়। রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোও চিকিৎসকের অন্যতম দায়িত্ব। তিনি ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।হামের প্রাদুর্ভাব প্রসঙ্গে তিনি বলেন, টিকাদান নিয়ে জনমনে থাকা ভুল ধারণা দূর করতে এবং সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সফল করতে মেডিসিন ক্লাবের সদস্যরা কার্যকর ভূমিকা রাখতে পারেন। স্কুল, মাদ্রাসা ও কমিউনিটি ক্লিনিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে টিকা থেকে বাদ পড়া শিশুদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।রফিকূল ইসলাম আরও বলেন, ভবিষ্যৎ চিকিৎসকদের শুধু ক্লিনিক্যাল জ্ঞানে দক্ষ হলেই চলবে না, তাদের মধ্যে নেতৃত্ব ও পেশাগত নৈতিকতার গুণাবলি থাকতে হবে। কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে সমন্বিত উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যশিক্ষা নিশ্চিত করার ওপর তিনি জোর দেন।প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বলেন, দক্ষ চিকিৎসক তৈরির পাশাপাশি মানুষের প্রতি দায়বদ্ধ ও মানবিক চিকিৎসক গড়ে তোলা জরুরি। এ ক্ষেত্রে মেডিসিন ক্লাবের মতো সংগঠনগুলো শিক্ষার্থীদের নেতৃত্বের বিকাশ ও জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দিচ্ছে। শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনে আরও সচেষ্ট হওয়ার পরামর্শ দেন তিনি।বিশেষ অতিথির বক্তব্যে ডা. ফোয়ারা তাসমিম বলেন, ডেঙ্গু ও হামের মতো সংক্রামক রোগ নিয়ন্ত্রণে জনগণের সচেতনতা ও সময়মতো টিকাদানের বিকল্প নেই। চিকিৎসাশিক্ষার্থীরা বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে সাধারণ মানুষকে সচেতন করলে সরকারি স্বাস্থ্য কর্মসূচিগুলো আরও কার্যকর হবে।সম্মেলনে বক্তারা মেডিসিন ক্লাবের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, স্বাস্থ্যশিক্ষা এবং গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেন। কেন্দ্রীয় ও শাখা পর্যায়ের সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধির মাধ্যমে সংগঠনটির সামাজিক অবদান আরও বিস্তৃত হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।দিনব্যাপী এই সম্মেলনে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের কয়েক শ শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করেন। এতে পেশাগত দক্ষতা বৃদ্ধি ও জনসেবামূলক কার্যক্রমের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মূল প্রতিবেদনে যান ↗