Published on
:
2 min read
বয়স যে শুধুমাত্র একটা সংখ্যা, তা প্রমাণ করলেন ৯৭ বছর বয়সি ব্রিটিশ এক মহিলা। জীবনের এই প্রান্তে এসে এক দুঃসাহসিক কাণ্ড ঘটিয়েছেন তিনি। ব্রিটেনে একটি বিমানের ছাদে উইং ওয়াকে যোগ দেন তিনি। সম্প্রতি, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস বিশ্বের সবচেয়ে বয়স্ক উইং ওয়াকার হিসেবে সম্মান জানানো হয় তাঁকে।
এই ব্রিটিশ মহিলার নাম হেলগা ডাফি। বর্তমানে উইল্টশায়ারের ডেভাইজেসের হোমে বসবাস করেন তিনি। বয়স বাড়লেও ডাফি প্রমাণ করেছেন ইচ্ছাশক্তির আগে কোনও কিছুই বাঁধা নয়। সূত্রের খবর, ডাফি গ্লুচেস্টারশায়ারের সাইরেন্সেস্টারে অবস্থিত আরএফসি রেন্ডকম্ব এয়ারফিল্ডে (RFC Rendcomb Airfield in Cirencester, Gloucestershire ) উইং ওয়াক করে এই রেকর্ড গড়েছেন।
উইং ওয়াকিং-এ একজন ব্যক্তিকে বিমানের বাইরে ডানার উপর বেঁধে রাখা হয়। ফ্লাইটটি বাতাসের মধ্যে দিয়ে দ্রুত বেগে উড়ে যায়। এই কাজের জন্য ফ্লাইটের পক্ষ থেকে অত্যন্ত সতর্ক ও বিশেষ কিছু নিরাপত্তার সরঞ্জামের ব্যবস্থা রাখা হয়।
ডাফির এই সাহসিকতার পেছনে হাত রয়েছে বেটি ব্রোমেজের। ব্রোমেজও ৯৭ বছর বয়সে উইং ওয়াক করে ২০২৫ সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস বিশ্বের সবচেয়ে বয়স্ক উইং ওয়াকার হিসেবে রেকর্ড গড়েছিলেন। ৮৭ বছর বয়স থেকে শুরু করেছিলেন এই ওয়াক, ৬ বার চেষ্টার পর রেকর্ড গড়েন তিনি। এক প্রতিবেদনে ব্রোমেজের সাফল্যের কথা জেনে অনুপ্রাণিত হয়েছিলেন ডাফি। এর পরেই তিনি উইং ওয়াক করার সিদ্ধান্ত নেন। ডাফি জানান, এই চ্যালেঞ্জটি নিতে তিনি একেবারেই ভয় পাননি। বরং তিনি বেশ আনন্দিত ছিলেন। এই উইং ওয়াক-এর যাত্রাটি 'অদ্ভুত' বলেও বর্ণনা করেছেন।
উইং ওয়াক-এর পর, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তারা বিমানক্ষেত্রেই তাঁকে একটি আনুষ্ঠানিক সম্মানপত্র তুলে দেন। এই ঐতিহাসিক মুহূর্তটির সাক্ষী হতে সেখানে উপস্থিত ছিলেন ডাফির পরিবারের সদস্যরা, জ্যাকি রোজ ও জুলি প্রিস। তাঁরা স্বাধীনচেতা ও স্পষ্টভাষী নারী হিসেবে বর্ণনা করেছেন ডাফিকে।
