ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা পিএসজি শেষ পর্যন্ত জিতেছে ৩-১ গোলে।
Published : 18 Oct 2026, 12:46 AM
Updated : 18 Oct 2026, 12:46 AM
শুরুর একাদশে বড় পরিবর্তন এনে ঝুঁকি নিলেন পিএসজি কোচ লুইস এনরিকে। তাতে দলটির সামনে হারের শঙ্কাও জাগল। তবে ঘুরে দাঁড়িয়ে জয় নিয়েই মাঠ ছাড়ল ফরাসি চ্যাম্পিয়নরা।
লিগ আঁয় শনিবার স্ত্রাসবুরের মাঠে ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল পিএসজি। শেষ পর্যন্ত তারা জিতল ৩-১ গোলে।
পেনাল্টি মিসের পর একটি গোল করেছেন উসমান দেম্বেলে। সফরকারীদের অন্য দুই গোলদাতা দেজিরে দুয়ে ও ইল্লিয়া জাবারনি।
চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার ম্যানচেস্টার সিটিকে ৪-২ গোলে হারানো ম্যাচ থেকে শুরুর একাদশে আটটি পরিবর্তন আনেন এনরিকে।
১৭তম মিনিটে গোল খেয়ে বসে পিএসজি। রেইনার শট প্রতিপক্ষের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।
এরপর স্বাগতিকদের ব্যবধান বাড়তে পারত, কিন্তু দুর্দান্ত পারফরম্যান্সে তা হতে দেননি পিএসজি গোলরক্ষক মাতভেই সাফানভ।
দ্বিতীয়ার্ধে দেম্বেলে, দুয়েসহ দলের পাঁচ তারকা খেলোয়াড়কে মাঠে নামান এনরিকে, যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে বড় ভূমিকা রাখেন।
৭২তম মিনিটে যদিও স্পট কিক বাইরে মারেন দেম্বেলে। তবে চার মিনিট পর দলের প্রথম গোলে অবদান রাখেন তিনি। গত বছরের ব্যালন দ’র জয়ীর ক্রস থেকে সমতা টানেন জাবারনি।
নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে ১৬ গজ দূর থেকে নিচু শটে দলকে এগিয়ে নেন দেম্বেলে। আর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান বাড়ান দুয়ে।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ছয় ম্যাচ জিতল এনরিকের দল।
সাত ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠেছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা মোনাকোর পয়েন্টও সমান, তবে গোল ব্যবধানে এগিয়ে আছে শিরোপাধারীরা।
