নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের আসন্ন দুই টেস্টের সিরিজে জায়গা হয়নি তাঁর। তার পরেই বাংলার রনজি ট্রফির দ্বিতীয় ম্যাচে সার্ভিসেসের বিরুদ্ধে প্রথম একাদশে দেখা গেল না মহম্মদ শামিকে। চোটের কারণে কি ফের মাঠের বাইরে বঙ্গ পেসার? জাতীয় দলে সুযোগ না পাওয়ার প্রভাব কি পড়েছে তাঁর সিদ্ধান্তে? শামির অনুপস্থিতি নিয়ে তৈরি হওয়া যাবতীয় জল্পনা উড়িয়ে দিলেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা।
দ্বিতীয় ম্যাচে শামির খেলার কথা ছিল। আকাশ দীপ ও মুকেশ কুমার ভারত ‘এ’ দলের হয়ে ব্যস্ত থাকায় পেস আক্রমণের নেতৃত্ব দেওয়ার দায়িত্বও ছিল তাঁর কাঁধে। কিন্তু নয়াদিল্লির পালাম স্টেডিয়ামে সার্ভিসেসের বিরুদ্ধে বাংলার প্রথম একাদশে জায়গা হয়নি ৩৬ বছরের পেসারের। তাতেই নতুন করে শুরু হয় জল্পনা। দিনের শেষে সাংবাদিকদের লক্ষ্মী বলেন, “শামি ফিট। ওকে বিশ্রাম দেওয়া হয়েছে। গত ম্যাচে দিল্লির বিরুদ্ধে অনেক ওভার বল করেছিল। নিজেই বিশ্রাম চেয়েছে। ও একটা চিতার মতো। শামি বিশ্রাম নেওয়ায় আমাদের সামনে নতুন মুখদের পরীক্ষা করে দেখার সুযোগও তৈরি হয়েছে।”
গত সপ্তাহে কল্যাণীতে দিল্লির বিরুদ্ধে রনজি অভিযান দুরন্ত ভাবে শুরু করেছিলেন শামি। ১৭.৩ ওভার বল করে মাত্র ৩০ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। সেই স্পেলে ছিল ন’টি মেডেন ওভার। জাতীয় দলে তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন ওঠার মধ্যেই বল হাতে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছিলেন। ম্যাচের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের ফিটনেস নিয়ে শামি বলেছিলেন, “লোকে নিজের মতো করে মন্তব্য করতে ভালোবাসে। কেউ বলে আমি ছন্দে নেই। কেউ বলে ফিট নই। কিন্তু এ সব নিয়ে আমি একেবারেই চিন্তিত নই। মাঠে নেমে সুযোগ পেলেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। আমার ফিটনেস তো দেখতে পাচ্ছেন। লিখুন সেটা। আমার কাজ শুধু বল করে যাওয়া।”
Mohammed Shami looks fine. Takes throwdowns at the end of the day’s play in Palam, Delhi. 15 wickets fall on Day 1 as Services finish 83/5, trailing Bengal by 101 runs. @ITGDsports #RanjiTrophy https://t.co/SsQ6XZavgi
— Akshay Ramesh (@iamnotakshayr) October 18, 2026
গত মরশুমেও লাল বলের ক্রিকেটে বাংলার অন্যতম ভরসা ছিলেন শামি। ৭ ম্যাচে ১৬.৭২ গড়ে ৩৭টি উইকেট নিয়েছিলেন। তিনবার ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্বও ছিল তাঁর। সেরা বোলিং পরিসংখ্যান ৯০ রানে ৮ উইকেট। পরিসংখ্যানই বলে দিচ্ছে, বাংলার বোলিং আক্রমণে তাঁর গুরুত্ব কতটা। রবিবার অবশ্য শামিকে মাঠের বাইরে বসে থাকতে দেখা গেলেও ক্রিকেট থেকে পুরোপুরি দূরে ছিলেন না তিনি। দিনের বিভিন্ন সময়ে বাংলার ফিজিওর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় তাঁকে। ম্যাচের আগের দিন অনুশীলনও করেছিলেন। প্রথম দিনের খেলা শেষ হওয়ার পর ব্যাটিং অনুশীলনে নেমে পড়েন। সাইটস্ক্রিনের কাছে থ্রো-ডাউনে ব্যাটিং করেন তিনি। মাঠে বরফের বাক্স নিয়ে যেতেও সাহায্য করতে দেখা যায় তাঁকে।
উল্লেখ্য, টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৮৪ রানে অল আউট হয়ে যায় বাংলা। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ করেন সর্বাধিক ৫৬ রান। জবাবে দিনের শেষে সার্ভিসেসের স্কোর ৫ উইকেটে ৮৩। প্রথম ইনিংসে বাংলার থেকে এখনও ১০১ রানে পিছিয়ে তারা। বাংলার হয়ে প্রদীপ্ত প্রামাণিক ও আমির গনি দু’টি করে উইকেট নিয়েছেন। একটি উইকেট পেয়েছেন শাহবাজ আহমেদ। তবে এত সবের মাঝেও শামি না থাকা নিয়ে চর্চা জারি। যদিও জবাব দিলেন কোচ লক্ষ্মী।
