শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে নতুন ছাত্রাবাস নির্মাণ, অডিটোরিয়াম প্রতিষ্ঠা ও যাতায়াতের জন্য নতুন বাস চালুর আশ্বাস দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে তিনি এসব আশ্বাস দেন।
শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় প্রতিষ্ঠানটির ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম পর্বের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট দেশের অন্যতম সেরা কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রতিষ্ঠানটির অবদান গুরুত্বপূর্ণ। নবীন শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।
ছাত্রসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের নিজেদের দায়িত্ব ও পরিচয়কে গুরুত্ব দিতে হবে। ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ এবং মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এ. জে. এম. মাসুদুর রহমান। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
