পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যেকোনো এলাকাকে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ঢাকার আমিনবাজারে গত দুই মাসে দৃশ্যমান পরিবর্তন এর বড় প্রমাণ। তবে এই সৌন্দর্য ধরে রাখতে স্থানীয় বাসিন্দাদেরও দায়িত্ব নিতে হবে।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে সড়কের পাশে গাছের চারা রোপণের মাধ্যমে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রায় দুই মাস আগে আমিনবাজার এলাকার যে অবস্থা ছিল, বর্তমানে সেখানে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এতে এলাকাটি আরও দৃষ্টিনন্দন হয়েছে এবং আশপাশের মানুষের জন্য অপেক্ষাকৃত সুন্দর পরিবেশ তৈরি হয়েছে।
তিনি বলেন, সরকারের উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা থাকলে পরিবেশদূষণ ও বর্জ্য ব্যবস্থাপনার সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান করা সম্ভব। এলাকাটির সৌন্দর্য ও পরিবেশগত উন্নয়ন ধরে রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এ উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রাখার জন্য ঢাকা জেলা প্রশাসক ফরিদা বেগমসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এ সময় ঢাকা জেলা প্রশাসককে আমিনবাজারের আশপাশে ঢাকা জেলার আওতাধীন এলাকাগুলোতেও সবুজায়ন কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিতে নির্দেশনা দেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে থাকা মিল ও কারখানার মালিকদের সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট কিছু এলাকার পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের দেওয়া যেতে পারে। পাশাপাশি যেসব স্থানে এখনও ময়লা-আবর্জনা জমে রয়েছে, সেসব স্থান পরিষ্কার করা এবং সৌন্দর্যবর্ধনের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরিকল্পনা গ্রহণ করতে হবে।
তিনি বলেন, পরিকল্পিতভাবে এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে আমিনবাজার ও আশপাশের এলাকার সৌন্দর্য আরও বাড়বে। একই সঙ্গে পরিবেশদূষণ কমিয়ে স্থানীয় বাসিন্দাদের জন্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
এ কাজে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদের প্রতিও আহ্বান জানান সরকারপ্রধান। জেলা প্রশাসনের উদ্যোগের সঙ্গে জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করলে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশগত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। তারেক রহমান বলেন, মানুষ যেন নির্মল পরিবেশে বুকভরে শ্বাস নিতে পারে এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারে, সে লক্ষ্যেই সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আমিনবাজারে পরিবেশ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ দেশের অন্যান্য জেলার প্রশাসকদের জন্য একটি দৃষ্টান্ত তৈরি করেছে। এ উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে অন্য জেলার প্রশাসকরাও নিজ নিজ এলাকার অনুরূপ স্থানগুলোকে পরিচ্ছন্ন, সবুজ ও সুন্দর করে গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নেবেন বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে। এর মাধ্যমে সড়কসংলগ্ন এলাকার পরিবেশ উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং সৌন্দর্য রক্ষায় কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
The post ‘পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব’ appeared first on ভোরের চেতনা.
