কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন কয়েকশ যাত্রী। এসময় ট্রেনে হুড়োহুড়ি শুরু হয়। একাধিক যাত্রী মাথাসহ বিভিন্ন স্থানে আঘাত পান। আহত হন বেশ কয়েকজন।
বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নাঙ্গলকোটের নাওটী স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকামুখী লেনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ট্রেনে থাকা একাধিক যাত্রী জানান, ট্রেনটি দুপুর ১২টা ২০ মিনিটের পর নাঙ্গলকোট স্টেশন ছেড়ে আসে। অন্য সময়ের চেয়ে ট্রেনের গতি বেশি ছিল। নাওটী স্টেশন পার হওয়ার পর ট্রেনটির ৩টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এ সময় ট্রেনে হুড়োহুড়ি শুরু হয়। একাধিক যাত্রী মাথাসহ বিভিন্নস্থানে আঘাত পান। কয়েকজনের মাথা ফেটে যায়। হুড়োহুড়ি করতে গিয়ে আহত হন কয়েকজন।
ট্রেনে থাকা যাত্রী নাহিদা আক্তার বলেন, চলতি পথে হঠাৎ তীব্র শব্দ হয়। এরপর একজনের গায়ে আরেকজন কাত হয়ে পড়ে। কয়েকজন পদপৃষ্ঠ হয়। তাড়াহুড়ো করে নিচে নেমে দেখি ধোঁয়া বের হচ্ছে।
নাঙ্গলকোট রেলওয়ের স্টেশন মাস্টার জামাল হোসেন বলেন, দুর্ঘটনার খবরটি পেয়েছি। হতাহতের খবর সম্পর্কে এখনো বিস্তারিত জানতে পারিনি। একটু পর ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন যাবে।
