চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়ি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার।
মঙ্গলবার (২০ অক্টোবর) দিনব্যাপী পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় দুর্গাপূজা ঘিরে নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
ওসি বলেন, দুর্গম পাহাড়ি এলাকা হলেও পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। পূজারীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি জানান, পূজামণ্ডপগুলোতে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় থানা পুলিশ প্রস্তুত রয়েছে।
গুজব ও উসকানিমূলক কর্মকাণ্ডে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্গাপূজার পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া কিশোর গ্যাং, মাদক ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। পূজাকে কেন্দ্র করে কোনো সন্দেহজনক তৎপরতা বা নিরাপত্তাসংক্রান্ত সমস্যা দেখা দিলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা চন্দনাইশ থানায় যোগাযোগ করতে বলেন ওসি।
পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
The post দুর্গম ধোপাছড়িতে পূজামণ্ডপ পরিদর্শনে ওসি, নিরাপত্তার আশ্বাস appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
