সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি
সংবাদ বিজ্ঞপ্তি · ২১ অক্টোবর, ২০২৬ ৯:০৬ অপরাহ্ন
ধর্ম-বর্ণনির্বিশেষে সব নাগরিকের অধিকার রক্ষায় বর্তমান সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
বুধবার বিকেলে সিলেটের চাঁদনীঘাটে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার প্রতিমা নিরঞ্জন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চাঁদনীঘাটের অস্থায়ী সুবোধ মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা।
অনুষ্ঠানে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক সমাপ্তি হলেও এর শিক্ষা সমাজে থেকে যাবে। তিনি আরও বলেন, সিলেটের দীর্ঘদিনের ঐতিহ্য হচ্ছে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের পাশাপাশি বসবাস। মতের ভিন্নতা থাকলেও ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রশ্নে কোনো বিভাজন থাকা উচিত নয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশ ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম শুভেচ্ছা বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক দীপক কুমার দাস ও মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাশ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, পূজা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ এবং হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার সিলেট মহানগরে ১৬২টি এবং জেলায় ৪৭৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চাঁদনীঘাটে শতাধিক প্রতিমা নিরঞ্জন করা হয়। পূজা আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে পূজা উদযাপন পরিষদ।
গুগলে আমাদের খবর পেতে
