পিরোজপুরের জিয়ানগর উপজেলার ঘোষেরহাট বাজারে অগ্নিকাণ্ডে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ও দুটি বসতঘর পুড়ে গেছে।
গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান দুটি হলো জায়েদ মেডিকেল হল ও সোলাইমানের খাবার হোটেল। এছাড়া মনি শঙ্কর ও সাবিনা নামের দুই ব্যক্তির বসতঘরও পুড়ে গেছে।
প্রাথমিক হিসাবে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
জানা গেছে, ক্ষতিগ্রস্ত হোটেল ব্যবসায়ী সোলাইমান কলেজের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি হোটেল ব্যবসা করে তিনি পরিবারের খরচ চালাতেন।
তিনি বলেন, ‘আমার বাবা-মাসহ পরিবারের আটজন সদস্য। পড়াশোনার পাশাপাশি হোটেল চালিয়ে সংসার চালাতাম। আগুনে আমার হোটেল পুড়ে ছাই হয়ে গেছে। হোটেলে থাকা নগদ টাকাসহ সবকিছু পুড়ে গেছে।’
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ধারণা, সোলাইমানের খাবার হোটেল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই দুটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল ও বসতঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী ও জিয়ানগর সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবদুল মান্নান শিকদার।
জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ওয়ালিউর রহমান রুবেল বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়া হবে।’
