লংগদুতে দুর্গাপূজার প্রস্তুতি দেখতে হরি মন্দিরে সেনা কর্মকর্তা, দিলেন আর্থিক সহায়তা
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ মন্দির টিলায় অবস্থিত শ্রী শ্রী হরি মন্দির পরিদর্শন করেছেন লংগদু জোনের জোন কমান্ডার। এ সময় মন্দিরের পূজার প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনার খোঁজ নেওয়ার পাশাপাশি আয়োজন পরিচালনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
পরিদর্শনকালে জোন কমান্ডার মন্দিরের পূজা আয়োজনের প্রস্তুতি, সার্বিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন তিনি।
পূজার আয়োজন ও সংশ্লিষ্ট কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জোন কমান্ডারের পক্ষ থেকে মন্দির কর্তৃপক্ষকে আর্থিক সহায়তা দেওয়া হয়। এ সহযোগিতার জন্য মন্দির পরিচালনা কমিটির সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং মন্দির পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে জোন কমান্ডার লংগদুসহ পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে জনকল্যাণমূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এই বাংলা/এমএস
