কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধের জেরে বুলডোজার দিয়ে ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ
গাজীপুরের কালিয়াকৈরে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বুলডোজার দিয়ে প্রতিপক্ষের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ডাকুরাইল গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে মো. মোস্তফা ক্রয় ও ওয়ারিশ সূত্রে মালিক হয়ে দীর্ঘ ৩০ বছর ধরে পরিবার নিয়ে ওই জমিতে ঘরবাড়ি নির্মাণ করে ভোগদখল করে আসছেন। তবে প্রতিপক্ষ প্রতিবেশী কলিমুদ্দিন সরকারের ছেলে দেলোয়ার হোসেনসহ অন্যরা ওই জমিটির মালিকানা দাবি করে বিভিন্ন সময় দখলের চেষ্টা চালিয়ে আসছেন। এর পরিপ্রেক্ষিতে মো. মোস্তফা চলতি বছরে গাজীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি পিটিশন (৭৩৭/২৬) দায়ের করেন। পরে কালিয়াকৈর থানা পুলিশ আদালতের নির্দেশে উভয় পক্ষকে ওই জমিতে স্থিতাবস্থা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ জারি করে।
অভিযোগে আরও বলা হয়, গত ১৭ সেপ্টেম্বর সকালে প্রতিপক্ষ দেলোয়ারের নেতৃত্বে তার পরিবারের সদস্যসহ ১০ থেকে ১২ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মোস্তফার বাড়িতে অতর্কিত হামলা চালান। হামলার সময় তারা বুলডোজার দিয়ে মোস্তফার বসতবাড়ির দুটি আধাপাকা ঘর, গোয়ালঘর ও রান্নাঘর সম্পূর্ণ গুঁড়িয়ে দেন। এ সময় ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র এবং বিপুল পরিমাণ মজুদকৃত ধান ও চালসহ অন্যান্য খাদ্যশস্য নষ্ট হয়ে যায়।
এই ভয়াবহ হামলায় আতঙ্কিত হয়ে বাড়ির নারী ও শিশুরা ভয়ে পালিয়ে যান। এ সময় বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন মোস্তফার পরিবারের দুই সদস্যকে পিটিয়ে আহত করেন। প্রায় ৩০ মিনিট ধরে এই তাণ্ডব চলার পর আশপাশের গ্রামের লোকজন ছুটে এলে অভিযুক্তরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। কালিয়াকৈরে ঘটে যাওয়া এই ধ্বংসযজ্ঞের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এ ঘটনায় গত রবিবার ভুক্তভোগী মো. মোস্তফা কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, "লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
