দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৬, ১১:৩৯ পিএম
নারায়ণগঞ্জের বন্দরে ব্যবসার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে এক নারী নিহত ও আরো কয়েকজন আহত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে আটটায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের মাহমুদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাকসুদা বেগম (৭২) ওই এলাকার মৃত নাজির সরদারের স্ত্রী।
নিহতের স্বজন ও পরিবার সূত্রে জানা যায়, মাকসুদা বেগমের ছেলে জজ মিয়া স্থানীয় সাদ্দামের কাছে একটি স্টিল মিলের জন্য দুই ট্রাক লোহা বিক্রি করেছিলেন। সেই লোহা বিক্রির পাওনা বাবদ প্রায় ১০ লাখ টাকা বকেয়া ছিল। সোমবার রাতে জজ মিয়া তার মা মাকসুদা বেগম ও ভাই রাসেলকে সাথে নিয়ে সাদ্দামের কাছে বকেয়া টাকা চাইতে যান।
টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতি ও পরে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। উভয় গ্রুপ ধারালো অস্ত্র নিয়ে একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়ে। ধারালো অস্ত্রের কোপে মাকসুদা বেগম ও তার ছেলে রাসেল গুরুতর জখম হন। অপরদিকে সাদ্দামও জখম হন।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাকসুদা বেগমকে মৃত ঘোষণা করেন।
অন্য আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, ব্যবসায়িক পাওনা টাকাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকে পুলিশের অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
