ময়মনসিংহের হালুয়াঘাটে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) গুলিতে নোমান (৩৮) নামের এক স্থানীয় ব্যবসায়ী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে হালুয়াঘাট-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। নিহত নোমান হালুয়াঘাট উপজেলার ১ নং ভুবনকুড়া ইউনিয়নের ঝলঝলিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়,ব্যবসায়ী নোমান উপজেলার বাঘাইতলা বাজারে ইজারা ও কাপড় ব্যবসা করে আসছিল দীর্ঘদিন ধরে।
এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।
প্রতিবাদে স্থানীয় জনতা স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসেন এবং সড়কে কাঠের গুঁড়ি ও বিভিন্ন বস্তু দিয়ে ব্যারিকেড তৈরি করে বিক্ষোভ শুরু করেন। এর ফলে হালুয়াঘাট-ময়মনসিংহ প্রধান সড়কে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে পথচারী ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন ও অতিরিক্ত সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। শেষ খবর পাওয়া পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত ছিল এবং পুরো এলাকা জুড়ে থমথমে উত্তেজনা বিরাজ করছিল।
এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, সোমবার (১২ অক্টোবর ) ভোর ৫টা ৪৫ মিনিটে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার তেলিখালী বিওপির সীমান্ত শূন্য লাইন থেকে আনুমানিক ১ কিলোমিটার ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে ঝলঝলিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের ৩৯ বিজিবি ব্যাটালিয়নের একটি টহলদল ওই এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এবং কিছু চোরাচালানকৃত পণ্য আটক করে। পরে আটককৃত মালামাল নিয়ে ফেরার পথে সংঘবদ্ধ চোরাকারবারিরা অতর্কিতভাবে বিজিবি টহলদলের ওপর চড়াও হয় এবং হামলা চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে বিজিবি সদস্যরা হামলাকারীদের মৌখিকভাবে সতর্ক করেন এবং সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়েন। তবে চোরাকারবারিরা সেই সতর্কবার্তা উপেক্ষা করে পুনরায় আরও আক্রমণাত্মকভাবে হামলা চালালে এক বিজিবি সদস্য আহত হন। পরবর্তীতে নিজেদের জীবন ও সরকারি মালপত্র রক্ষার্থে বাধ্য হয়ে বিজিবি সদস্যরা আত্মরক্ষামূলক গুলিবর্ষণ করেন।
আহত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার জন্য হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় সরকারি কাজে বাধা প্রদান এবং হামলার অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে একটি মামলা দায়েরের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।
এ বিষয় এ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
The post বিজিবির গুলিতে স্থানীয় ব্যবসায়ী নিহত: হালুয়াঘাট-ময়মনসিংহ সড়ক অবরোধ, এলাকাবাসীর তীব্র বিক্ষোভ appeared first on Dhaka Protidin.
