দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ছবি ‘দেশু ৭’ মুক্তি পেয়েছে দুর্গাপূজার মহাষষ্ঠীতে। দেবের পরিচালনায় প্রথম সিনেমা, তার ওপর জনপ্রিয় এই জুটির প্রত্যাবর্তন; সব মিলিয়ে ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ছবিটি নিয়ে শুরু হয়েছে আলোচনা। তবে দর্শকদের প্রতিক্রিয়া একরকম নয়। কেউ প্রশংসা করছেন দেবের চেষ্টা ও অনির্বাণ ভট্টাচার্যের অভিনয়ের, আবার কেউ ছবির সম্পাদনা ও গল্পের উপস্থাপনা নিয়ে তুলেছেন প্রশ্ন।
ছবিটি দেখে এক দর্শক এক্সে নিজের প্রতিক্রিয়া জানিয়ে পাঁচের মধ্যে তিন রেটিং দিয়েছেন। তাঁর মতে, পরিচালক ও অভিনেতা হিসেবে দেব নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। দর্শক ও অনুরাগীদের বিনোদন দিতে ছবিতে নানা উপাদান রাখার চেষ্টাও স্পষ্ট। তবে দ্রুতগতির সম্পাদনার কারণে কিছু জায়গায় গল্পটি অসম্পূর্ণ মনে হয়েছে তাঁর। গানগুলোও খুব একটা দাগ কাটতে পারেনি বলে মত ওই দর্শকের।
তবে ছবির আবহসংগীত এবং অনির্বাণ ভট্টাচার্যের অভিনয়ের প্রশংসা করেছেন তিনি। তাঁর মতে, দ্বিতীয়ার্ধের তুলনায় প্রথমার্ধ বেশি উপভোগ্য। অ্যাকশন ও তারকাদের উপস্থিতি ছবিটির অন্যতম আকর্ষণ হলেও, সব মিলিয়ে একে মাঝারি মানের সিনেমা হিসেবেই দেখেছেন তিনি। পাশাপাশি দেবের পরিশ্রমের প্রশংসা করে ভবিষ্যতে তাঁর পরিচালনায় আরও ভালো কাজের প্রত্যাশাও জানিয়েছেন।
অন্যদিকে, আরেক দর্শক ছবিটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁর মতে, দেবের ৫০তম মুক্তিপ্রাপ্ত ছবি এবং পরিচালনায় অভিষেক। দুই দিক থেকেই ‘দেশু ৭’ বিশেষ। বাংলা সিনেমাকে ঘিরে এমন আগ্রহ ও উন্মাদনাকেও ইতিবাচকভাবে দেখেছেন তিনি।
প্রায় ২ ঘণ্টা ৪৬ মিনিটের এই ছবিতে দেব-শুভশ্রীর পাশাপাশি অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, কাঞ্চন মল্লিক ও অপরাজিতা আঢ্য। ছবির গল্পে রয়েছে বিচ্ছিন্ন দুই পুরোনো প্রেমিক-প্রেমিকার পুনর্মিলন, রাজনৈতিক সংঘাত ও অপরাধজগতের নানা মোড়।
সব মিলিয়ে, ‘দেশু ৭’ নিয়ে প্রাথমিক প্রতিক্রিয়ায় প্রশংসা ও সমালোচনা; দুই-ই রয়েছে। দর্শকদের এই মিশ্র মতামত শেষ পর্যন্ত বক্স অফিসে ছবিটির সাফল্যে কী প্রভাব ফেলে, এখন সেটিই দেখার।
