বিশেষ প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরকে কেন্দ্র করে ঢাকা-নারিতা (জাপান) রুটে সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৯ অক্টোবর থেকে এ রুটে সপ্তাহে একটির পরিবর্তে দুটি করে সরাসরি ফ্লাইট পরিচালিত হবে।
বিমানের পরিচালক (বিপণন ও বিক্রয়) মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, আগামী ২৯ অক্টোবর থেকে প্রতি সোমবার ও বৃহস্পতিবার এ রুটে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের মাধ্যমে ফ্লাইট পরিচালিত হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর চার দিনের সরকারি সফরে বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে জাপান যাবেন। সফর শেষে তিনি ২৯ অক্টোবর নারিতা থেকে বিমানের নতুন চালু হওয়া বৃহস্পতিবারের ফিরতি ফ্লাইটে দেশে ফিরবেন।
চলতি বছরের ২৭ জুলাই এ রুটে পুনরায় সরাসরি ফ্লাইট চালুর প্রায় তিন মাসের মাথায় যাত্রী চাহিদা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হলো। বর্তমানে জাপানে অবস্থানরত প্রায় ৪০ হাজারেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীর পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটন বৃদ্ধিতে এই রুটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া নারিতাকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে উত্তর আমেরিকা ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যান্য গন্তব্যে সংযোগ বাড়াতে জাপান এয়ারলাইন্স (JAL) ও এয়ার কানাডার সঙ্গে কোডশেয়ার চুক্তির বিষয়ও বিবেচনা করছে বিমান।
প্রসঙ্গত, ২০০৬ সালে বন্ধ হওয়ার পর ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রথম ঢাকা-নারিতা রুট চালু হলেও উড়োজাহাজ সংকটে ২০২৫ সালের ১ জুলাই তা আবার বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বর্তমান বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের অংশ হিসেবে গত ২৭ জুলাই রুটটি পুনরায় চালু করা হয়।

