কালবেলা · সাধারণ
‘তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন’ ডেঙ্গু প্রতিরোধে মেয়র শাহাদাতের আহ্বান
১৩/১০/২০২৬

‘তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন’ এই স্লোগানকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশনের কার্যক্রম যথেষ্ট নয়; বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
মঙ্গলবার (১৩ অক্টোবর) পাহাড়তলী রেলওয়ে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। এ সময় তিনি ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
মেয়র বলেন, ‘ডেঙ্গু মোকাবিলায় চট্টগ্রাম নগরীর ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোতে মশক নিধন, লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করার পাশাপাশি মাঠপর্যায়ের কার্যক্রম তদারকি করা হচ্ছে।’
তিনি বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতনতার বিকল্প নেই। আমরা সিটি করপোরেশনের পক্ষ থেকে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছি। কিন্তু বাসাবাড়ি ও আশপাশে পানি জমে থাকলে এডিস মশার প্রজনন বন্ধ করা কঠিন। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।’
এডিস মশার প্রজননস্থল সম্পর্কে সতর্ক করে মেয়র বলেন, ‘ছাদ, বারান্দা, ফুলের টব, বালতি, ড্রাম, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের পানির ট্রে, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত পাত্রে পানি জমছে কি না, তা নিয়মিত পরীক্ষা করতে হবে। ডাবের খোসা, পুরোনো টায়ার ও প্লাস্টিকের পাত্রে জমে থাকা পানিও দ্রুত অপসারণ করতে হবে। সামান্য অসচেতনতায় এসব স্থানে এডিস মশার বংশবিস্তার হতে পারে।’
‘তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন’ স্লোগানটি শুধু প্রচারণায় সীমাবদ্ধ না রেখে অভ্যাসে পরিণত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রতি তিন দিন পরপর বাসাবাড়ি ও আশপাশে পানি জমেছে কি না, তা পরীক্ষা করতে হবে। একই সঙ্গে প্রতিবেশী ও আশপাশের মানুষকেও সচেতন করতে হবে।’
ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করার পরামর্শ দিয়ে মেয়র বলেন, ‘এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলাতেও মশার কামড় থেকে সুরক্ষিত থাকতে হবে। শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।’
ডেঙ্গু নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ‘জনস্বাস্থ্য সুরক্ষায় সঠিক তথ্য জানা ও অনুসরণ করা জরুরি। যাচাই না করে কোনো তথ্য প্রচার করা থেকে বিরত থাকতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন, ব্যবসায়ী সমাজ ও নগরবাসী সমন্বিতভাবে কাজ করলে এর বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।’
কর্মসূচিতে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম আহমেদ, পাহাড়তলী রেলওয়ে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক এম এ হাসেম, ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড বিএনপির আহ্বায়ক খাজা আলাউদ্দিন ও সদস্যসচিব ফকরুল হাসান রাজু, মহানগর যুবদলের সহসভাপতি নুর আহম্মদ ও ফজলুল হক সুমনসহ পাহাড়তলী থানা ও ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া ব্যবসায়ী সমিতির সদস্য এবং বিশিষ্ট ব্যবসায়ী হাকিম বক্স, হাজি রফিক সওদাগর ও হাজি জাহাঙ্গীর সওদাগর উপস্থিত ছিলেন।
মূল প্রতিবেদনে যান ↗