হলিউডের জনপ্রিয় তারকা টম ক্রুজ। চার দশকেরও বেশি সময় ধরে অভিনয় দিয়ে মুগ্ধ করে রেখেছেন বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের। একাধিকবার অস্কারে মনোনয়ন পেলেও প্রতিযোগিতামূলক বিভাগে পুরস্কার জেতা হয়নি তাঁর। তবে গত বছর তাঁকে সম্মানসূচক অস্কারে ভূষিত করা হয়।
এবার টম ক্রুজের অর্জনের ঝুলিতে যুক্ত হচ্ছে আরও একটি বড় স্বীকৃতি। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের (এএফআই) আজীবন সম্মাননা পাচ্ছেন এই অভিনেতা। তাঁকে ৫২তম এএফআই লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করা হয়েছে। চলচ্চিত্র জগতে এটি অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি।
আগামী বছরের ২৪ এপ্রিল হলিউডের ডলবি থিয়েটারে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেবে প্রতিষ্ঠানটি।
এএফআইয়ের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ক্যাথলিন কেনেডি এক বিবৃতিতে বলেন, ‘টম ক্রুজ বিশ্বজুড়ে পরিচিত একজন আইকন। অভিনেতা ও প্রযোজক হিসেবে তিনি নিজের প্রতিটি কাজের প্রতি অসাধারণ নিষ্ঠা দেখিয়েছেন। তাঁর যে বিষয়টি আমার সবচেয়ে ভালো লাগে, তা হলো সিনেমা এবং এর মাধ্যমে মানুষকে একত্র করার শক্তিতে প্রবল বিশ্বাস।’
তিনি আরও বলেন, ‘সিনেমার প্রতি এই ভালোবাসাই তাঁকে বিশ্বজুড়ে মার্কিন চলচ্চিত্রের একজন অসাধারণ দূত করে তুলেছে। ৫২তম এএফআই লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তাঁর হাতে তুলে দিতে পারা আমাদের জন্য সম্মানের।’
উল্লেখ্য, ১৯৮১ সালে অভিনয়জীবন শুরু করেন টম ক্রুজ। তাঁর অভিনীত সিনেমাগুলোর মোট আয় ১৩ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। ‘রিস্কি বিজনেস’, ‘টপ গান’, ‘মাইনরিটি রিপোর্ট’, ‘ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার’, ‘আ ফিউ গুড মেন’, ‘দ্য ফার্ম’ এবং ‘মিশন: ইমপসিবল’ সিরিজের সিনেমাগুলো তাঁকে আন্তর্জাতিক তারকাখ্যাতি এনে দিয়েছে।
