স্টাফ রিপোর্টার : সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মিনি ম্যারাথন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকাল ৬টা ৩৫ মিনিটে সিলেট পুলিশ লাইন্স মাঠে উক্ত প্রতিযোগিতার আয়োজন করা হয়। মাউন্ট এডোরা হাসপাতাল সিলেটের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে এসএমপি।
মিনি ম্যারাথনের উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। তিনি নিজেও প্রতিযোগিতায় অংশ নেন। এতে এসএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় পুরুষদের জন্য ৫ দশমিক ৫০ কিলোমিটার এবং নারীদের জন্য ৩ দশমিক ৫০ কিলোমিটার দৌড়ের ব্যবস্থা ছিল।
প্রতিযোগিতায় ৪০ বছরের কম বয়সী নারী পুলিশ, ৪০ বছরের কম বয়সী পুরুষ পুলিশ এবং ৪০ বছর বা তদূর্ধ্ব বয়সী পুরুষ পুলিশ এই তিনটি ক্যাটাগরিতে পাঁচজন করে মোট ১৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে দৌড় সম্পন্নকারী সব অংশগ্রহণকারীকে মেডেল ও সনদপত্র দেওয়া হয়।
অনুষ্ঠানে এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) মোহাম্মদ এনামুল হক; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়; উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) মো. আফজাল হোসেন; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি) সাহাদত হোসেন এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) আকলিমা আক্তারসহ এসএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
