দুর্গাপূজার ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত অন্যতম পর্যটন নগরী সিলেট। টানা ৫ দিনের ছুটিতে লাখো পর্যটকের সমাগমের আশা ব্যবসায়ীদের। বিপুল সংখ্যক পর্যটকের চাপ সামলাতে ও নিরাপত্তা নিশ্চিতে নানা প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।
বছরজুড়েই সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভিড় করেন পর্যটকরা। তবে উৎসব কিংবা ছুটিতে পর্যটকদের পদচারণা বাড়ে চা বাগান, জাফলং, বিছনাকান্দি, সাদা পাথর, রাতারগুলসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রে।
হোটেল গোল্ডেন সিটির জেনারেল ম্যানেজার মিষ্ঠু দত্ত বলেন, ‘পূজার ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত সিলেটের হোটেল-মোটেলগুলো। জেলার ৫০০ হোটেল-মোটেল ও রিসোর্টের বেশিরভাগ রুমের বুকিং হয়ে গেছে।’
এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ফালাহ উদ্দিন আলী বলেন, ‘পর্যটকদের আগমনে বাড়তি লাভের পাশাপাশি জেলার অর্থনীতি আরও চাঙা হবে।’
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর আলম বলেন, ‘পর্যটকরা যেন নির্বিঘ্নে ঘুরতে পারে সেই প্রস্তুতি নিয়েছে প্রশাসন। হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় করে পর্যটকদের নিরাপত্তা দেওয়া হবে।
পূজার টানা ৫ দিনের ছুটিতে সিলেটের পর্যটন খাতে অন্তত ৫০ কোটি টাকা আয় হবে, আশা ব্যবসায়ীদের।
