নিজস্ব প্রতিবেদক · ১৩ অক্টোবর, ২০২৬ ৪:২৪ অপরাহ্ন
সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৯ লাখ টাকার চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় গরু, মহিষ, বিভিন্ন ধরনের খাদ্যপণ্য, পোশাক, সাবান ও চকলেট। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিংমাছ এবং অবৈধভাবে উত্তোলন করা বালু-পাথর বহনকারী বারকি নৌকাও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ৪৮ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেট সীমান্তের বাংলাবাজার, তামাবিল, কালাইরাগ, প্রতাপপুর, সোনালীচেলা, কালাসাদেক, বিছনাকান্দি, দমদমিয়া, সোনারহাট ও সংগ্রাম সীমান্ত ফাঁড়ির (বিওপি) আওতাধীন এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়।
অভিযানে ভারত থেকে আনা গরু ও মহিষের পাশাপাশি টমেটো, জিরা, ফল, কম্বল, সোয়েটার, সাবান, চকলেট, বাসমতি চাল, ফুচকা ও জুস জব্দ করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিংমাছ জব্দ করেন বিজিবির সদস্যরা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কালাইরাগ সীমান্ত এলাকায় অবৈধভাবে উত্তোলন করা বালু-পাথর বহন করার সময় একটি বাংলাদেশি বারকি নৌকা জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪৯ লাখ ৩৩ হাজার টাকা।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকাগুলোতে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়েছে।
জব্দ করা চোরাইপণ্যের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
গুগলে আমাদের খবর পেতে
