আহত চালক বলেন, রোববার বিকালে মঠবাড়িয়া থেকে রওনা দিয়েছিলেন, ভোরে গাড়ি চালানোর সময় হঠাৎ তার চোখে ঘুম চলে আসে।
Published : 19 Oct 2026, 12:12 PM
Updated : 19 Oct 2026, 12:12 PM
চুয়াডাঙ্গা শহরতলীতে গরুবাহী পাওয়ার ট্রলি রাস্তার পাশের খাদে পড়ে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। চালকসহ দুজন আহত হয়েছেন। মারা গেছে দুটি গরুও।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের নুরনগর মুন্নামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর থানার এসআই মিজানুর রহমান।
নিহত হেলাল উদ্দিন (৩৮) পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার সবুজনগর গ্রামের নয়াল মিয়ার ছেলে। আহতরা হলেন পাওয়ার ট্রলির চালক তারাচাঁদ ও শিপন।
পুলিশ জানায়, রোববার বিকালে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে ১১টি গরু নিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেন ব্যবসায়ী হেলাল উদ্দিন। পথে ভোরে নুরনগর মুন্নামোড়ে পৌঁছালে পাওয়ার ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে হতাহতদের উদ্ধার করেন।
আহত পাওয়ার ট্রলিচালক তারাচাঁদ বলেন, “রোববার বিকালে আমরা তিনজন ১১টি গরু নিয়ে মঠবাড়িয়া থেকে রওনা দিই। ভোরে গাড়ি চালানোর সময় হঠাৎ চোখে ঘুম চলে আসে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে পাওয়ার ট্রলিটি রাস্তার পাশের ডোবায় পড়ে যায়।”
এসআই মিজানুর রহমান জানান, নিহত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
