‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এই প্রতিপাদ্য সামনে রেখে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা 'আভাস' ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এসব কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে উত্তর চরমানিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে চরমানিকা নতুন বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরবর্তীতে বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উত্তর চরমানিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিনের সভাপতিত্বে ও আভাসের প্রকল্প ব্যবস্থাপক রবিউল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এমাদুল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চরফ্যাশন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জি. এম. ওয়ালিউল ইসলাম, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) উপজেলা সহকারী পরিচালক কে এম মাহতাবুল বারী, সুশীলনের উপজেলা সমন্বয়কারী বুলবুল আহমেদ, নজরুল স্মৃতি সংসদের উপজেলা ব্যবস্থাপক নাজমুল হোসাইন, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. খোরশেদ আলম ও সিপিপির ইউনিয়ন টিম লিডার এস এম এনায়েত মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে চরম উপকূলীয় অঞ্চল হওয়ায় ভোলায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের ঝুঁকি বেশি। প্রাকৃতিক এসব দুর্যোগ রোধ করা সম্ভব না হলেও সময়োপযোগী পূর্বাভাস, পারিবারিক সচেতনতা ও পূর্বপ্রস্তুতির মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
আলোচনা পর্ব শেষে উত্তর চরমানিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পকালীন আত্মরক্ষা, উদ্ধার তৎপরতা এবং জরুরি প্রাথমিক চিকিৎসা বিষয়ে এক সচেতনতামূলক মহড়া প্রদর্শিত হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
জেএইচআর
