
শারদীয় দুর্গোৎসবের আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে সিলেটের জৈন্তাপুরে শতাধিক দরিদ্র নারীর মধ্যে শাড়ি ও ধুতি বিতরণ করেছে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সেবাধর্মী সংগঠন ‘জ্যোতি’ সিলেট।
অনুষ্ঠানে জ্যোতি সিলেটের চেয়ারম্যান জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন বলেছেন, ধর্মীয় উৎসব কেবল আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের প্রতি ভালোবাসা, সহমর্মিতা, মানবিকতা ও দায়িত্ববোধ প্রকাশেরও গুরুত্বপূর্ণ উপলক্ষ। মানুষকে সেবা ও ভালোবাসার মাধ্যমে সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ সম্ভব।
শুক্রবার বেলা ১১টায় জৈন্তাপুর উপজেলার চিকনাগুলের ঠাকুরের মাটি এলাকায় রামকৃষ্ণ সেবাশ্রমে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রামকৃষ্ণ সেবাশ্রমের সাবেক সভাপতি রবীন্দ্র পাত্রের সভাপতিত্বে এবং যুব সংগঠক হরি পাত্রের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সিলেট বিভাগীয় শাখার সভাপতি বেণু ভূষণ দাশ, লেখক ও শিক্ষক সঞ্জয় কুমার নাথ এবং বাংলাদেশ বেতারের শিল্পী ও সংগঠক প্রদীপ কুমার দে।
স্বাগত বক্তব্য দেন রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি অরবিন্দু পাত্র। বস্ত্র বিতরণ কার্যক্রমে পৃষ্ঠপোষকতা করেন যুক্তরাষ্ট্রপ্রবাসী শ্রীশ্রী ঠাকুরের একনিষ্ঠ ভক্ত মিত্রা চক্রবর্ত্তী, জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন ও এক ভক্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অতিথিরা সমাজের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া পাত্র সম্প্রদায়ের শতাধিক দরিদ্র মানুষের মধ্যে পূজার শাড়ি ও ধুতি তুলে দেন। পরে উপস্থিত পুণ্যার্থীদের ফল, প্রসাদ ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়। বিজ্ঞপ্তি
